বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দের প্রকারভেদপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘শব্দের পরিচয়’ নিয়ে আলোচনা করব।গঠন অনুসারে শব্দের প্রকারভেদ: গঠন অনুসারে বাংলা শব্দ দুই প্রকার। ১) মৌলিক শব্দ ২) সাধিত শব্দমৌলিক: যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। মৌলিক শব্দকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ শব্দও বলা হয়। যেমন: গোলাপ, লাল, লতা ইত্যাদি। সাধিত শব্দ: যেসব শব্দকে পৃথক অর্থবোধক অংশে বিভক্ত করা যায়, সেগুলোকে সাধিত শব্দ বলা হয়। সাধিত শব্দ নানাভাবে গঠিত হতে পারে। যেমন: ক. উপসর্গ যোগ করে—অকাজ (অ+কাজ)। এখানে ‘অ’ উপসর্গ। খ. নামপ্রকৃতির সঙ্গে শব্দ বিভক্তি বা কারক বিভক্তি যোগ করে মানুষকে (মানুষ+কে)। এখানে মানুষ নামপ্রকৃতি এবং ‘কে’ শব্দ বিভক্তি। গ. ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে করি (কর+ই)। এখানে কর ধাতু এবং ‘ই’ ক্রিয়া বিভক্তি। ঘ. ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগ করে—পড়া (পড়+আ)। এখানে পড় ধাতু এবং ‘আ’ কৃৎ প্রত্যয়। ঙ. শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগ করে—ঢাকাই (ঢাকা+আই)। এখানে ‘ঢাকা’ একটি শব্দ এবং ‘আই’ তদ্ধিত প্রত্যয়। চ. সমাসবদ্ধ করে = রাজপুত্র (রাজার পুত্র), নীলাকাশ (নীল যে আকাশ) ইত্যাদি। আমরা উৎস ও গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ জানলাম। শব্দকে অর্থ অনুসারেও শ্রেণীবিভাগ করা যায়। শব্দের অর্থ অনুসারে শ্রেণীবিভাগ: আমরা জানি, ভাষায় ব্যবহূত প্রতিটি শব্দ অর্থবোধক। অর্থহীন শব্দ ভাষায় ব্যবহূত হয় না। তবে এ অর্থেরও রকম ফের আছে। অর্থ অনুসারে শব্দগুলো তিন প্রকার: ১। যৌগিক শব্দ ২। রূঢ় বা রূঢ়ি শব্দ ৩। যোগরূঢ় শব্দ যৌগিক শব্দ: যেসব সাধিত শব্দ তার গঠনের বিভিন্ন অংশের যে অর্থ সেটাকেই প্রকাশ করে, তাকে যৌগিক শব্দ বলে। যেমন: ক) বাবুগিরি—বাবু+গিরি = বাবুর আচরণ। এখানে বাবু ও গিরি শব্দ তাদের নিজস্ব অর্থেই ব্যবহূত হয়েছে। এরূপ: খ) মধুর—মধু + র = মধুর ভাব। গ) জলযান—জল + যান = জলে চলে যে যান (যাতে চড়ে যাওয়া যায়)। ঘ) পড়ুয়া যে পড়ে। (পড়+উয়া)। রূঢ় বা রূঢ়ি শব্দ: সাধিত শব্দ তার যৌগিক অর্থেই ব্যবহূত হয় না। মানুষ তাকে নিজের মতো করে নতুন কোনো বিশেষ অর্থে ব্যবহার করে। যেসব শব্দ তার গঠনের উপাদান (প্রকৃতি ও প্রত্যয়) অনুসারে যে যৌগিক অর্থ, সে অর্থে ব্যবহূত না হয়ে কোনো বিশেষ অর্থে ব্যবহূত হয়, তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন: ক) সন্দেশ—মূল অর্থ সংবাদ। রূঢ়ি অর্থ মিষ্ট দ্রব্য বিশেষ। খ) হস্তী—মূল অর্থ হাত আছে যার। রূঢ়ি অর্থ শুঁড়ওয়ালা জন্তু বিশেষ, যার নাম হাতি। গ) বাঁশি—মূল অর্থ বাঁশ দিয়ে তৈরি বস্তু। রূঢ়ি অর্থ: বাধ্যযন্ত্র বিশেষ। যোগরূঢ় শব্দ: একাধিক শব্দ ধাতুর যোগে নিষ্পন্ন শব্দ অথবা সমাসবদ্ধ কোনো শব্দ যদি যৌগিক অর্থে ব্যবহূত না হয়ে অন্য বিশেষ কোনো অর্থ বোঝায়, তখন তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন: ক) পঙ্কজ—পঙ্কে (কাদায়) জন্মে যা। পঙ্কে তো অনেক কিছুই জন্মে। কিন্তু যোগরূঢ় অর্থে পঙ্কজ মানে পদ্মফুল। খ) রাজপুত্র—যৌগিক অর্থে রাজার পুত্র। কিন্তু যোগরূঢ় অর্থে জাতি বিশেষ। গ) জলেধি—জল ধারণ করে এমন। কিন্তু যোগরূঢ় অর্থে ‘সমুদ্র’। সবশেষে বলি: বাংলা ভাষায় শব্দগুলোকে উৎস অনুসারে, গঠন অনুসারে এবং অর্থ অনুসারে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। বাংলা ভাষায় ব্যবহূত শব্দের পরিচয় সম্পর্কে আমরা জানলাম। এরপর অধ্যয়নের মধ্য দিয়ে আরও বেশি করে জানতে থাকব। এ ক্ষেত্রে বাংলা ভাষায় অভিধানগুলো নিয়মিত দেখব। নতুন কোনো শব্দ দেখলে তার উৎস, গঠন ও অর্থ সম্পর্কে জানার চেষ্টা করব। এভাবে বাংলা ভাষা ও এর প্রয়োগে আমরা দক্ষ হয়ে উঠব।