বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ‘ভাষা ব্যাকরণ অনুসরণ করে না, ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে।’অথবা, ‘ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে না, নির্মাণও করে না, তবু ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না।’ বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর: বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ: সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন ভাষা চলে আসছে মানুষের মুখে মুখে। কালক্রমে মানুষের ভাষার মধ্যে নানা রকম বৈচিত্র্য লক্ষ করা যায়। এমনকি মানুষের ভাষার ভিন্নতাও লক্ষ করা যায়। ফলে মানুষ ভাষাকে আপন ইচ্ছামতো ব্যবহার করতে শুরু করে। যার ফলে ভাষাভাষী জনগণের মধ্যে ভাষার শুদ্ধ ব্যবহার নিয়ে মতভেদ দেখা দেয়। আর ভাষাকে সুন্দর, সঠিক ও সাবলীলভাবে প্রকাশ করার জন্য তখন আবিষ্কৃত হয় ব্যাকরণ। সুতরাং দেখা যাচ্ছে যে ভাষার অভ্যন্তরীণ নিয়ম-শৃঙ্খলা বিশ্লেষণ এবং এদের প্রয়োগবিধিই ব্যাকরণের আলোচ্য বিষয়। যেহেতু ভাষাকে সমৃদ্ধ, সঠিক ও শ্রুতিমধুর করার জন্য ব্যাকরণের সূচনা হয়েছে, সেহেতু ব্যাকরণের জন্ম ভাষা সৃষ্টির অনেক পরে। সংগত কারণেই বলা যায়, ভাষা ব্যাকরণ অনুসরণ করে না, ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে। কিন্তু ভাষার সঠিক প্রয়োগের জন্য ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রশ্ন: ব্যাকরণ কত প্রকার ও কী কী? উত্তর: ব্যাকরণের প্রকারভেদ: ব্যাকরণ চার প্রকার। যথা: ক. বর্ণনাত্মক ব্যাকরণ খ. ঐতিহাসিক ব্যাকরণ গ. তুলনামূলক ব্যাকরণ ও ঘ. দার্শনিক বিচারমূলক ব্যাকরণ। বর্ণনাত্মক ব্যাকরণ: বিশেষ কোনো কালের কোনো একটি ভাষার রীতি ও প্রয়োগ বর্ণনা করা এর বিষয় এবং সে বিশেষ কালের ভাষা যথাযথ ব্যবহার করতে সাহায্য করা এর উদ্দেশ্য।ঐতিহাসিক ব্যাকরণ: আধুনিক বা কোনো নির্দিষ্ট যুগের ভাষাগত প্রয়োগরীতি আলোচনা করে আলোচ্য ভাষার রূপটির বিকাশের ইতিহাস পর্যালোচনা করা এর লক্ষ্য। তুলনামূলক ব্যাকরণ: যে শ্রেণীর ব্যাকরণ কোনো বিশেষ কালের বিভিন্ন ভাষার গঠন, প্রয়োগরীতি ইত্যাদির তুলনামূলক আলোচনা করে থাকে, তা-ই তুলনামূলক ব্যাকরণ। দার্শনিক বিচারমূলক ব্যাকরণ: ভাষায় অন্তর্নিহিত চিন্তা প্রণালিটি আবিষ্কার ও অবলম্বন করে সাধারণভাবে কিংবা বিশেষভাবে ভাষার রূপের উৎপত্তি ও বিবর্তন কীভাবে ঘটে থাকে, তার বিচার করা এর পর্যায়ভুক্ত।প্রশ্ন: বাংলা ব্যাকরণের পরিধি বা আলোচ্য বিষয় সংক্ষেপে বর্ণনা করো। অথবা, ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণে কী কী বিষয় আলোচিত হয়? অথবা ব্যাকরণের আলোচ্য বিষয় কী কী? উত্তর: ব্যাকরণ: ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ব্যাকরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ‘যে শাস্ত্রে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগরীতি বুঝিয়ে দেওয়া হয়, সে শাস্ত্রকে বলে সে ভাষার ব্যাকরণ।’ ব্যাকরণের পরিধি বা আলোচ্য বিষয়: বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে বাংলা ব্যাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাকরণবিদদের মতে, ব্যাকরণের আলোচ্য বিষয় তিনটি। যেমন—১. ধ্বনিতত্ত্ব (Phonology) ২. রূপতত্ত্ব (Morphology) ৩. বাক্যতত্ত্ব (Syntax) ধ্বনিতত্ত্ব: ব্যাকরণের এ অংশে ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, বর্ণ, সন্ধি, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান প্রভৃতি ধ্বনি সম্বন্ধীয় বিষয় আলোচিত হয়। রূপতত্ত্ব: এ অংশে শব্দের প্রকার, পদের পরিচয়, শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, ধাতু, শব্দরূপ, কারক, সমাস, ক্রিয়া-প্রকরণ, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, শব্দের ব্যুৎপত্তি ইত্যাদি বিষয়ের আলোচনা থাকে।বাক্যতত্ত্ব: বাক্য, বাক্যের অংশ, বাক্যের প্রকার, বাক্য বিশ্লেষণ, বাক্য পরিবর্তন, পদক্রম, বাগ্ধারা বা বাগিবধি বা বাক্যরীতি, বাক্য সংকোচন, বাক্য সংযোজন, বাক্য বিয়োজন, যতিচ্ছেদ বা বিরাম চিহ্ন প্রভৃতি বিষয় এ অংশে আলোচিত হয়। উপরিউক্ত তিনটি বিষয় ছাড়াও ব্যাকরণের আরও কিছু আলোচ্য বিষয় রয়েছে। যেমন:ক. ছন্দ প্রকরণ: এ অংশে ছন্দের প্রকার ও নিয়মসমূহ আলোচিত হয়। খ. অলংকার প্রকরণ: অলংকারের সংজ্ঞা, প্রকার ইত্যাদি বিষয় এ অংশে আলোচিত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল