বাংলা ২য় পত্র
ধ্বনি ও বর্ণ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। ধ্বনি কীভাবে তৈরি হয়: মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য কথা বলে। মানুষের ‘কথা’ হলো অর্থযুক্ত কিছু ধ্বনি। কথা বলতে গেলে মানুষের মুখ দিয়ে যেসব ধ্বনি বের হয় তার অবশ্যই অর্থ থাকতে হবে। অর্থযুক্ত ধ্বনিই হলো শব্দ। শব্দ দিয়ে তৈরি করা হয় বাক্য। বাক্যের মাধ্যমে মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পায়। আর তখন তার নাম হয় ভাষা।ভাষা বা মানুষের কথা কতগুলো ধ্বনির সমষ্টি। ধ্বনিগুলো বের হয় মুখ দিয়ে, কিন্তু ধ্বনির মূল উত্স হলো ফুসফুস। ফুসফুসের কাজ মানুষের শ্বাস-প্রশ্বাস নেওয়া ও ছাড়া। সে কারণে ফুসফুস থেকে বাতাস বাইরে বের হয়ে আসে। বাতাস বের হওয়ার সময় মুখে ধ্বনির সৃষ্টি হয়। ফুসফুস থেকে বাতাস গলনালি, মুখ, নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে। মুখে যে ধ্বনি উচ্চারিত হয় তার পেছনে কাজ করে ফুসফুস থেকে বেরিয়ে আসে বাতাস। ফুসফুস থেকে বাতাস স্বরতন্ত্রীর মাধ্যমে বেরিয়ে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় ঘষা লাগে। ফলে মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়। বাগ্যন্ত্রের সঙ্গে ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাসের স্পর্শের দ্বারা ধ্বনির সৃষ্টি হয়ে থাকে। ধ্বনি ফুসফুস থেকে আসে না, ফুসফুস থেকে আসে বাতাস, আর এই বাতাসের আঘাতেই তৈরি হয় ধ্বনি। ধ্বনি তৈরির জন্য সহায়তা করে বাগ্যন্ত্র।বাগ্যন্ত্র: মানবদেহের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদের বাক প্রত্যঙ্গ বলা হয়। বাক প্রত্যঙ্গগুলোকে একসঙ্গে বলা হয় বাগ্যন্ত্র। বাগ্যন্ত্রের মধ্যে আছে ফুসফুস, স্বরতন্ত্রী, গলনালি, জিভ, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। বাগ্যন্ত্রের বিবরণ:ফুসফুস: ফুসফুস ধ্বনির মূল উপাদান, বাতাস জোগায়। ফুসফুস বুকের মধ্যে আছে। বাতাস দেওয়া-নেওয়াই এর কাজ। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাওয়ার সময় মুখের বিভিন্ন জায়গায় বাধা পায়। ফলে ধ্বনির বৈচিত্র্য সৃষ্টি হয়। সারা জীবন ফুসফুস বাতাস নেওয়া ও ছাড়ার কাজ করছে, আর সেই সঙ্গে ধ্বনি তৈরি করে যাচ্ছে।১. স্বরতন্ত্রী: পুরুষ মানুষের গলার বাইরের দিকে যে উঁচু অংশটি দেখা যায়, তার ভেতরের অংশে আছে স্বরতন্ত্রী। নারীদের ক্ষেত্রে সাধারণত এ স্বরতন্ত্রী বাইরে থেকে দেখা যায় না। এর মধ্যে দুটি পাতলা তন্ত্রী থাকে। এই দুটি স্বরতন্ত্রীর মাঝখানের পথ দিয়ে ফুসফুসে বাতাস প্রবেশ করে। ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় স্বরতন্ত্রীতে আঘাত হানে। এর নিচের দিকে থাকে বায়ুনালি। খাবার খাওয়ার সময় যাতে খাবারের অংশ বায়ুনালি দিয়ে ফুসফুসে ঢুকতে না পারে, সে জন্য জিভের নিচের দিকে একটি মাংসপিণ্ড থাকে, যাকে বলে অধিজিহ্বা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল