বাংলা ২য় পত্র
পদ প্রকরণ প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছ তোমরা? নিশ্চয়ই ভালো। আজ তোমাদের জন্য উপস্থাপন করছি পদ প্রকরণ নিয়ে ধারাবাহিক আলোচনা। আশা করি, এ পাঠ থেকে পদ প্রকরণের বিস্তারিত সুন্দরভাবে বুঝতে পারবে।প্রশ্ন: বিশেষণ পদ কাকে বলে? কত প্রকার ও কী কী? সংজ্ঞাসহ উদাহরণ দাও।উত্তর: যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। যেমন—নীল আকাশ, রূপবান, গুণবান ইত্যাদি।শ্রেণী বিভাগ: বিশেষণ পদ দুই প্রকার-১. নাম বিশেষণ ২. ভাব বিশেষণ।নিচে বিশেষণ পদের শ্রেণী বিভাগ একটি ছকের সাহায্যে দেখানো হলো—বিশেষণ পদ ১. নাম বিশেষণ ২. ভাব বিশেষণ ১. ক্রিয়া বিশেষণ ২. বিশেষণের বিশেষণ ৩. অব্যয়ের বিশেষণ ৪. বাক্যের বিশেষণ নাম বিশেষণ: যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে। যেমন—সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? সে রূপবান ও গুণবান। ভাব বিশেষণ: যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তা-ই ভাব বিশেষণ। যেমন—ধীরে ধীরে বায়ু বয়। ভাব বিশেষণ চার প্রকার—১. ক্রিয়া বিশেষণ ২. বিশেষণের বিশেষণ ৩. অব্যয়ের বিশেষণ ৪. বাক্যের বিশেষণ।নিচে এদের সংজ্ঞাসহ উদাহরণ দেওয়া হলো—১. ক্রিয়া বিশেষণ: যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন-পরে একবার এসো।২. বিশেষণের বিশেষণ: যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে, তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন-সামান্য একটু দুধ দাও। রকেট অতি দ্রুত চলে।৩. অব্যয়ের বিশেষণ: যে ভাব-বিশেষণ অব্যয়পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে তাকে অব্যয়ের বিশেষণ বলে। যথা-ধিক্ তারে শত ধিক্ নির্লজ্জ যে জন।৪. বাক্যের বিশেষণ: কখনো কখনো কোনো বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যটি বিশেষিত করতে পারে তখন তাকে বাক্যের বিশেষণ বলা হয়। যেমন—দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়ে পড়েছে।প্রশ্ন: বিশেষণের অতিশায়ন বলতে কী বোঝো? খাঁটি বাংলা বিশেষণ শব্দের অতিশায়নের বিষয়সমূহ বিশদ আলোচনা করো।উত্তর: বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তখন তাকে বিশেষণের অতিশায়ন বলে। যেমন-যমুনা একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী।বাংলা শব্দের অতিশায়ন: ক. বাংলা শব্দের অতিশয়নে দুয়ের মধ্যে চাইতে, চেয়ে, হইতে, হতে অপেক্ষা, থেকে ইত্যাদি শব্দ ব্যবহূত হয়, এসব ক্ষেত্রে দুয়ের মধ্যে তারতম্য বোঝাতে প্রথম বিশেষ্যটি প্রায়ই ষষ্ঠী বিভক্তিযুক্ত হয়ে থাকে এবং মূল বিশেষণের পর কোনো পরিবর্তন সাধিত হয় না। যথা—গরুর থেকে ঘোড়ার দাম বেশি। বাঘের চেয়ে সিংহ বলবান। খ. বহুর মধ্যে অতিশায়ন: অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে মূল বিশেষণের কোনো পরিবর্তন হয় না, মূল বিশেষণের আগে সবচাইতে, সবচেয়ে, সবথেকে, সর্বাপেক্ষা, সর্বাধিক প্রভৃতি শব্দ ব্যবহার হয়। যথা-নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান।পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান। গ. দুটি বস্তুর মধ্যে অতিশায়নে জোর দিতে হলে মূল বিশেষণের আগে অনেক, অধিক, বেশি, অল্প, কম, অধিকতর প্রভৃতি বিশেষণীয় বিশেষণ যোগ করতে হয়। যথা-পদ্মফুল গোলাপের চাইতে অনেক সুন্দর। ঘ. কখনো কখনো ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দে ষষ্ঠী বিভক্তিই চেয়ে, থেকে প্রভৃতি শব্দের কার্যসাধন করে, যেমন-এ মাটি সোনার বাড়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল