বাংলা ২য় পত্র
সন্ধি স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, ভালোবাসা নিয়ো। আজকে বাংলা ২য় পত্র থেকে সন্ধি: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি সম্পর্কে আলোচনা করছি। সন্ধি: ‘সন্ধি’ শব্দটির একটি অর্থ মিলন। বাংলা ব্যাকরণে সন্ধি বলতে বোঝায় সন্নিহিত দুটি ধ্বনির মিলন। আমরা যখন দুটি শব্দ পাশাপাশি উচ্চারণ করি, তখন শব্দ দুটির কাছের বর্ণ দুটি অনেক সময় আলাদাভাবে উচ্চারিত হয় না। দুয়ে মিলেমিশে যায়। এভাবে পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। উদাহরণ: বিদ্যা+আলয়=বিদ্যালয়, চলৎ+চিত্র=চলচ্চিত্র, সৎ+জন=সজ্জন, দুঃ+অবস্থা=দুরবস্থা।সন্ধির বৈশিষ্ট্য: অনেক সময় পাশাপাশি অবস্থানে দুটি ধ্বনির উচ্চারণ স্বাভাবিকভাবেই একীভূত হয়ে যায়। ব্যাকরণে এই স্বাভাবিক নিয়মকে বলা হয়েছে ‘নিত্য’।১. একপদে নিত্য সন্ধি হয়। যেমন- নে অন—এ রকম আলাদা আলাদাভাবে উচ্চারিত হয় না। একপদে পরিণত হওয়ার সময় সন্ধিবদ্ধ হয়ে ‘নয়ন’ রূপে উচ্চারিত হয়। যেমন: (নে+অন=নয়ন)।২. শব্দের সঙ্গে উপসর্গ যোগ করার সময় অনেক সময় সন্ধি হয়ে যায়। যেমন— নিঃ+দয় নির্দয়।৩. সমাস অর্থাৎ দুই বা বহুপদ একপদে পরিণত হওয়ার সময় নিত্য সন্ধি হয়। যেমন— সূর্যের অস্ত=সূর্য+অস্ত=সূর্যাস্ত।সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন চার রকমের হতে পারে:১) উভয় ধ্বনি মিলে একধ্বনিতে পরিণত হয়২) একটি ধ্বনি বদলে যায় ৩) একটি ধ্বনি লোপ পায়৪) উভয় ধ্বনি বদলে গিয়ে নতুন একটি ধ্বনির সৃষ্টি হয়সন্ধির প্রয়োজনীয়তা: ১) সন্ধি করলে পাশাপাশি দুটি বা ততোধিক শব্দের তাড়াতাড়ি উচ্চারণ সহজ ও সংক্ষিপ্ত হয়। যেমন— বিদ্যা+আলয়=বিদ্যালয়। ‘আমি বিদ্যা আলয়ে যাচ্ছি’-এর চেয়ে ‘আমি বিদ্যালয়ে যাচ্ছি’ বেশি সহজ ও সংক্ষিপ্ত। অনেক সময় দুটি ধ্বনি পাশাপাশি একসঙ্গে উচ্চারণ করার সময় সন্ধি আপনা থেকেই হয়ে যায়। যাই হোক সহজে উচ্চারণ করার জন্য সন্ধির প্রয়োজন। ২) সন্ধি করলে ভাষা শ্রুতিমধুর হয়। সুতরাং শ্রুতিমাধুর্যের জন্য সন্ধির প্রয়োজন।সন্ধির প্রকারভেদ: সন্ধি দুই প্রকার: স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি।স্বরসন্ধি: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন—অ+অ=আ, হিম+আলয়=হিমালয়।ব্যঞ্জনসন্ধি: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন— সৎ+জন=সজ্জন।# বিসর্গসন্ধি বলে ব্যঞ্জনসন্ধির একটি প্রকারভেদ আছে। বিসর্গ আসলে ‘র’ এবং স-এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি সন্ধি হলে তাকে বিসর্গসন্ধি বলে। যেমন—পুনঃ+বার=পুনর্বার, দুঃ+অবস্থা=দুরবস্থা ইত্যাদি। কেউ কেউ বিসর্গসন্ধিকে আলাদা একটি শ্রেণীতে ফেলে সন্ধিকে তিন প্রকার বলেছেন। আসলে বিসর্গসন্ধি ব্যঞ্জনসন্ধিরই অন্তর্ভুক্ত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল