বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ প্রকরণপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে পদ প্রকরণ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব।পদ: বাক্যে ব্যবহূত একেকটি শব্দকে পদ বলে। যেমন: খোকন বই পড়ে। এখানে ‘খোকন’ ‘বই’ ‘পড়ে’ প্রতিটি শব্দ পদ হিসেবে বিবেচিত। শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণসমষ্টি যোগ করা হয়, তাকে বলে বিভক্তি। ‘রহিমকে’ পদ ‘রহিম’ শব্দ আর ‘কে’ হচ্ছে বিভক্তি। ‘রহিম’ শব্দের সঙ্গে বিভক্তি ‘কে’ যুক্ত হয়ে ‘রহিমকে’ পদের সৃষ্টি করেছে। মোট কথা বাক্যে ব্যবহূত বিভক্তিযুক্ত শব্দকে ‘পদ’ বলে।শব্দের সঙ্গে যেমন বিভক্তি যুক্ত হয়ে পদ গঠন করে, তেমনি ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত করে পদ তৈরি করা যায়। যেমন: সে পড়ে। এখানে ‘পড়’ ধাতুর সঙ্গে ‘এ’ বিভক্তি যুক্ত হয়ে ‘পড়ে’ ক্রিয়াপদ গঠিত হয়েছে। এভাবের শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ তৈরি হয় তাকে বলে নামপদ। আবার ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ সৃষ্টি হয় তাকে বলে ক্রিয়াপদ।পদের প্রকারভেদ: পদ পাঁচ প্রকার—১. বিশেষ্য ২. বিশেষণ ৩. সর্বনাম ৪. অব্যয় ও ৫. ক্রিয়া।শব্দ বা ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে বাক্যে পদ তৈরি করার দিক থেকে সব পদকে নামপদ ও ক্রিয়াপদ—এই দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। তারপর নামপদকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যায়—এই চার শ্রেণীতে ভাগ করা চলে। পাঁচ প্রকার পদে প্রতিটি আবার কয়েক প্রকারে ভাগ করা হয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো:বিশেষ্য পদ:যে পদ কোনো ব্যক্তি, বস্তু, জাতি, কাজ বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন—বই, নদী, পাখি, ফুল, ঢাকা, রাগ ইত্যাদি। বিশেষ্য পদের কয়েকটি শ্রেণীবিভাগ আছে। যেমন:সংজ্ঞাবাচক বিশেষ্য: যেসব বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট স্থান, পর্বত, সমুদ্র, প্রসিদ্ধ গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝায়, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয়। যেমন: আকবর, স্বপন, রানা, জাফর, লন্ডন, তাজমহল, কোরআন ইত্যাদি।স্থানবাচক বিশেষ্য: যেসব বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট স্থানের নাম বোঝায় তাকে স্থানবাচক বিশেষ্য বলা হয়। যেমন—রাজশাহী, ময়নামতী, যশোর, বগুড়া ইত্যাদি।বস্তুবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদের সাহায্যে কোনো বস্তু বোঝায় এবং যার সংখ্যা নির্দেশ করা যায় না, শুধু পরিমাণ নির্দেশ করা যায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন—পানি, লবণ, তেল ইত্যাদি।জাতিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদের সাহায্যে কোনো প্রাণী বা বস্তুর জাতি বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন—মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ইত্যাদি।গুণবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদে কোনো গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন—সুখ, দুঃখ, দয়া, বীরত্ব ইত্যাদি।ক্রিয়াবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বা ভাববাচক বিশেষ্য বলে। যেমন—ঘুমান, গমন, নাচা, আসা, যাওয়া ইত্যাদি।সমষ্টিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদে সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন—সমিতি, সভা, দল ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল