ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যকরণের ওপর আলোচনা করা হলো।
শব্দগঠন
অনুকার শব্দ: শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয়, তাকে অনুকার শব্দ বলে।
অনুকার শব্দ ধ্বন্যাত্মক শব্দেরই রকমফের মাত্র। যেমন:
আবোলতাবোল: নোমান সকাল থেকে আবোলতাবোল বকে চলেছে।
কাপড়চোপড়: মা বাইরে যাওয়ার জন্য কাপড়চোপড় পরে তৈরি হয়ে বসে আছেন।
শব্দদ্বৈত
বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুবার ব্যবহার করলে তার অর্ধেক সম্প্রসারণ ঘটে বা বিশেষভাবে জোরালো অভিব্যক্তি প্রকাশ পায়। এগুলোকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন : জ্বর (রোগবিশেষ): আমার জ্বর হয়েছে।
জ্বর জ্বর (জ্বরের ভাব, জ্বর নয়): আমার জ্বর জ্বর বোধ হচ্ছে।
মানুষের দৈনন্দিন কথাবার্তায় এ রকম প্রচুর দ্বিরুক্ত শব্দ ব্যবহূত হয়। এ ধরনের দ্বিরুক্ত শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. শব্দের দ্বিরুক্তি বা শব্দদ্বৈত
২. পদের দ্বিরুক্তি বা পদদ্বৈত
৩. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
শব্দদ্বৈত: একই শব্দ পর পর দুবার ব্যবহূত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে শব্দের দ্বিরুক্তি বা শব্দদ্বৈত বলে।
শব্দদ্বৈত নানাভাবে গঠিত হতে পারে। যেমন:
১. একই শব্দ দুবার ব্যবহার করে:
বছর বছর: বছর বছর পরীক্ষায় ভালো ফল করছ, এতে আমরা সবাই খুশি।
বস্তা বস্তা : বস্তা বস্তা ধান ভরে নিয়ে ট্রাকটি চলে গেল।
আস্তে আস্তে : একটু আস্তে আস্তে চলো, আমার পায়ে ব্যথা।
চলতে চলতে: চলতে চলতে কথা বলো।
মনে মনে: মনে মনে পড়ার চেয়ে আওয়াজ করে পড়া ভালো।
কথায় কথায়: কথায় কথায় তোমার খাবার এসে গেল।
বলে বলে: ‘তোকে দিয়ে কিছুই হবে না,’ এ কথা বলে বলে সবুজকে মনোবলহীন করা হয়েছে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল