বাংলা ২য় পত্র
বচন প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজ তোমাদের জন্য উপস্থাপনা করব বাংলা দ্বিতীয় পত্র থেকে ‘বচন’ নিয়ে। ‘বচন’ বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের একটি আলোচ্য বিষয়। আপাতদৃষ্টিতে বচনকে সহজ মনে হলেও প্রকৃতপক্ষে তা নয়। ইংরেজিতে Singular ও Plural Number গঠনের যেমন কিছু নিয়ম থাকে বাংলা ব্যাকরণেও তেমন কিছু নিয়ম দ্বারা একবচন ও বহুবচনের সংখ্যা নির্দেশ করে। সুতরাং বচন বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আজকের আলোচনায় বচনের বিভিন্ন দিক তুলে ধরে কিছু উদাহরণ তুলে ধরা হলো। আশা করছি তোমরা এ পাঠ থেকে উপকৃত হবে। প্রশ্ন: প্রাণিবাচক, অপ্রাণিবাচক ও উন্নত প্রাণিবাচক শব্দে যেসব বহুবচনবোধক শব্দ ও প্রত্যয় ব্যবহূত হয় তার কয়েকটি উদাহরণ দাও। উত্তর: প্রাণিবাচক, অপ্রাণিবাচক ও উন্নত প্রাণিবাচক শব্দভেদে বিভিন্ন ধরনের বহুবচনবোধক প্রত্যয় ও সমষ্টিবোধক শব্দ যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। নিচে এর কতিপয় উদাহরণ তুলে ধরা হলো। (ক) প্রাণিবাচক: প্রাণিবাচক শব্দের সঙ্গে রা, গুলো, কুল, সব প্রভৃতি প্রত্যয় ও বিভক্তি যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। যেমন: ‘রা’— পাখিরা আকাশে ওড়ে। গুলো— ময়ূরগুলো পুচ্ছ নাড়িয়ে নাচছে। কুল — ঝড়ে পক্ষিকুল দিশেহারা হয়ে পড়েছে। সব — ভাইসব আজ আমাদের কলেজের শেষ দিন ইত্যাদি। (খ) অপ্রাণিবাচক: অপ্রাণিবাচক শব্দের সঙ্গে গুলা, সকল, আবলি, রাজি, পুঞ্জ ইত্যাদি বিভক্তি ও সমষ্টিবোধক শব্দ যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। যেমন: গুলো — টাকাগুলো লুকিয়ে রাখো। সকল/মালা — দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু। আবলি — গ্রন্থাগারে পুস্তাকাবলি রক্ষিত আছে। রাজি — রাতের আকাশে তারকারাজির সমাহারে সৌন্দর্যটা আরও একগুণ বাড়িয়ে তুলেছে। পুঞ্জ — সমস্ত আকাশে মেঘপুঞ্জের ভিড়। ইত্যাদি। উন্নত প্রাণিবাচক: কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে রা, এরা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ ইত্যাদি যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। যেমন: রা — ছাত্ররা বল খেলে। এরা — মায়েরা ঝিয়েরা একত্র হয়েছে। গণ — জনগণ আজ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। বৃন্দ — ভক্তবৃন্দ/সুধীবৃন্দ অনিবার্য কারণবশত আজকের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। মণ্ডলী — শিক্ষকমণ্ডলী সভায় উপস্থিত। ইত্যাদি। প্রশ্ন: বিশেষ নিয়মে বহুবচন গঠনের নিয়মগুলো উল্লেখ করো। উত্তর: বহুবচন নির্দেশাত্মক বিভক্তি, প্রত্যয় ও সমষ্টিবোধক শব্দগুলো ছাড়াও আরও কিছু শব্দ যোগ করে বিশেষ নিয়মে বহুবচন নির্দেশ করা হয়। নিচে এর কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো। ক) বিশেষ্য শব্দের একবচনের ব্যবহার অনেক সময় বহুবচন বুঝিয়ে থাকে। যেমন — পোকার আক্রমণে ফসল নষ্ট হয়। (বহুবচন) বাগানে ফুল ফুটেছে। ইত্যাদি। খ) একবচনাত্মক বিশেষ্যের আগে অজস্র, অনেক, বহু, নানা ইত্যাদি বহুত্ববোধক শব্দ যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। যেমন: অজস্র লোকের মাঝে ছেলেটি হারিয়ে গেল। বাসায় বহু মেহমান এসেছে। নানা মুনির নানা মত। তিনি অঢেল টাকার মালিক ইত্যাদি। গ) বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়। যেমন: বাগানে লাল লাল ফুল ফুটেছে। হাঁড়ি হাঁড়ি সন্দেশ ইত্যাদি। ঘ) বিশেষ নিয়মে সাধিত বহুবচন: সকলে সবকিছু জানে না। রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না ইত্যাদি। প্রশ্ন: ভুল থাকলে শুদ্ধ করো। আমাদের সকল ছাত্ররা আজ সভায় উপস্থিত। সব গরুগণরা মাঠে চরে বেড়াচ্ছে। প্রতিটি গ্রামে গ্রামে এ খবর দিয়ে দাও। ভাইগণ, আপনি মনোযোগ দিয়ে শুনুন। সকল মানুষেরাই মরণশীল। উত্তর: শুদ্ধ: আমাদের সকল ছাত্রছাত্রী আজ সভায় উপস্থিত। গরুগুলো মাঠে চরে বেড়াচ্ছে। প্রতিটি গ্রামে/গ্রামে গ্রামে এ খবর দিয়ে দাও। ভাই, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। সব মানুষই/মানুষ মরণশীল।