বাংলা ২য় পত্র
ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যকরণ অংশ থেকে আলোচনা করা হলো।
বাক্য
বাক্য: এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে। যেমন: লেখো। আমি খাই। কাজী সব্যসাচী বই পড়েন।
বাক্যের পদগুলোর মধ্যে পারস্পরিক একটি সম্পর্ক বা অন্বয় থাকতে হয়, যার কারণে বক্তার মনোভাব বা বক্তব্য স্পষ্টভাবে ফুটে ওঠে।
লক্ষ করো:
গিয়ে পুকুরে বড় ধরেছি একটা মাছ।
খাঁ খাঁ অপু যাওয়ায় চলে করছে বাড়িটা।
বাক্য দুটোতে বক্তার মনোভাব পরিষ্কার নয়। কেননা, পদগুলোর মধ্যে পারস্পরিক অন্বয় নেই। পদগুলো সুবিন্যস্ত নয়। তাই এগুলোকে বাক্য বলা যায় না। বাক্য হতে হলে পদগুলো সুবিন্যস্তভাবে সাজাতে হবে। যেমন:
পুকুরে গিয়ে বড় একটা মাছ ধরেছি।
অপু চলে যাওয়ায় বাড়িটা খাঁ খাঁ করছে।
সাধারণত কর্তা, কর্ম ও ক্রিয়াপদ নিয়ে বাক্য গঠিত হয়। একটি বাক্যকে সার্থক করে তুলতে আরও কতকগুলো গুণ বা শর্ত মানতে হয়।
বাক্য গঠনের শর্ত: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা
একটি আদর্শ বা সার্থক বাক্য তখনই গঠিত হবে, যখন বাক্যটির তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকবে। এ গুণগুলো হচ্ছে: আকাঙ্ক্ষা ২. আসত্তি ৩. যোগ্যতা
১. আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। যেমন:
পলাশ মন দিয়ে লেখাপড়া...
বললে বক্তার মনের ভাব সম্পূর্ণ বোঝা যায় না। আরও কিছু বলার বাকি থাকে। আরও কিছু শোনার ইচ্ছা জাগে।
যদি বলা হয়— পলাশ মন দিয়ে লেখাপড়া করো।
পলাশ মন দিয়ে লেখাপড়া করে।
তবে শোনার ইচ্ছাটি পূর্ণ হয়। আর এভাবে বাক্যও সম্পূর্ণ হয়।
২. আসত্তি: বাক্যের অর্থসংগতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম আসত্তি। যেমন:
বাবা বাজার ইলিশ থেকে এনেছেন।
—এখানে বক্তা যা বলতে চেয়েছেন, তার সব উপকরণ আছে। কিন্তু পদগুলো যথাযথভাবে সাজানো হয়নি। ফলে, সুস্পষ্ট কোনো অর্থও প্রকাশ পায়নি। কিন্তু—
বাবা বাজার থেকে ইলিশ এনেছেন।
এভাবে লেখা হলে বক্তব্যটির অর্থ পুরোপুরি পরিষ্কার হয়ে একটি সুগঠিত বাক্য হতো। তাই সার্থক বাক্যে ব্যবহূত পদগুলোর যথাযথ অবস্থানে থাকা আবশ্যক।
৩. যোগ্যতা: বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সংগতি ও ভাবের মেলবন্ধনকে যোগ্যতা বলে। যেমন:
আমরা বড়শি দিয়ে মাছ ধরি।
এটি একটি সার্থক বাক্য। কেননা, এখানে পদগুলোর অর্থগত ও ভাবগত মিল রক্ষিত হয়ে তা বিশ্বাসের জন্ম দিয়েছে। কিন্তু—
‘আমরা বড়শি দিয়ে নারকেল পাড়ি’ বললে বক্তব্যটিতে অর্থ ও ভাবের অসংগতি প্রকাশ পায়। তা বিশ্বাসযোগ্যও হয় না। কারণ, বড়শি দিয়ে কেউ নারকেল পাড়ে না।
সুতরাং, বাক্যে পদগুলোর মধ্যে অথ্যের সংগতি ও ভাবের মিল রক্ষা করা আবশ্যক। নয়তো যোগ্যতার অভাবে তা বাক্য হবে না।
খণ্ডবাক্য
প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে:
উদ্দেশ্য: বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে। যেমন: শিমুল মাঠে খেলতে গেল।
বিধেয়: বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয, তাকে বিধেয় বলে। যেমন: শিমুল মাঠে খেলতে গেল।
খণ্ডবাক্য: একটি উদ্দেশ্য ও একটি বিধেয় ক্রিয়ার (সমাপিকা) সমষ্টি যদি নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহূত না হয় অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহূত হয়, তাকে খণ্ডবাক্য বলে। যেমন: যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
এ বাক্যে দুটি খণ্ডবাক্য আছে:
যারা ভালো ছেলে
তারা শিক্ষকের আদেশ পালন করে।
দুটি বাক্যই যেহেতু একটি বড় বাক্যের অংশ, সেহেতু বাক্যাংশ দুটি বড় বাক্যের খণ্ডবাক্য। খণ্ডবাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং তা অন্য একটি বাক্যের অংশরূপে ব্যবহূত হয়।
খণ্ডবাক্য দুই রকমের হয়। যথা:
১. স্বাধীন খণ্ডবাক্য ও ২. অধীন খণ্ডবাক্য।
১. স্বাধীন খণ্ডবাক্য: একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের ওপর নির্ভরশীল নয়, তাকে স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য বলে। যেমন: যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
এ বাক্যের ‘তারা শিক্ষকের আদেশ পালন করে’—এ খণ্ডবাক্যটিকে আলাদা বাক্য হিসেবেও লেখা যেতে পারে। স্বাধীন খণ্ডবাক্যকে সম্পূর্ণ বাক্য থেকে তুলে নিয়ে আলাদাভাবে লিখলেও তার পূর্ণ অর্থ প্রকাশ পায়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা