ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে আলোচনা করা হলো।
বাক্য
২. অধীন খণ্ডবাক্য: একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্যটি তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য স্বাধীন খণ্ডবাক্যের ওপর নির্ভরশীল, তাকে অধীন খণ্ডবাক্য বা আশ্রিত বা অপ্রধান খণ্ডবাক্য বলে।
অধীন খণ্ডবাক্যকে সম্পূর্ণ বাক্য থেকে তুলে নিয়ে আলাদাভাবে লিখলে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না, আকাঙ্ক্ষা থেকে যায়। যেমন: যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে। —এ বাক্যের ‘যারা ভালো ছেলে’ খণ্ডবাক্যকে আলাদা করে লিখলে ‘আকাঙ্ক্ষা’ গুণের বিঘ্ন ঘটে।
অধীন খণ্ডবাক্য তিন রকমের:
ক. বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য: যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের যেকোনো পদের অধীন থেকে বিশেষ্যের কাজ করে, তাকে বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য বলে। যেমন: আমি বাড়ি গিয়ে দেখলাম, সবার খাওয়া হয়ে গেছে।
খ. বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য: যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য বলে। যেমন: যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে। (অধীন খণ্ডবাক্যটি ‘সে-ই’ সর্বনামের অবস্থা প্রকাশ করছে)
গ. ক্রিয়া-বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য: যে অধীন খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণনির্দেশক অর্থে ব্যবহূত হয়, তাকে ক্রিয়া-বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য বলে। যেমন:
‘যদি তোর ডাক শুনে কেই না আসে, তবে একলা চলো রে।’
বাক্যের প্রকারভেদ:
গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা:
১. সরল বাক্য, ২. জটিল বাক্য ও
৩. যৌগিক বাক্য
১. সরল বাক্য: যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটিই সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন:
খোকন বই পড়ছে।
আমি বহু কষ্টে সাঁতার শিখেছি।
২. জটিল বাক্য : যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহূত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন: যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে।
কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি।
৩. যৌগিক বাক্য: দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তাবে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: ছেলেটি গরিব কিন্তু মেধাবী।
দুঃখ ও বিপদ একসঙ্গে আসে।
জটিল ও যৌগিক বাক্য একাধিক বাক্যাংশ বা বাক্য দিয়ে গঠিত।
জটিল বাক্যের অন্তর্গত বাক্যাংশগুলো পরস্পর সাপেক্ষ, একটি অপরটির ওপর নির্ভরশীল।
যৌগিক বাক্যের অর্ন্তগত বাক্যগুলো প্রায় স্বতন্ত্র। ও, এবং, আর, অথচ, কিংবা, বরং ইত্যাদি অব্যয়যোগে যৌগিক বাক্যের অন্তর্গত খণ্ডবাক্যগুলো যুক্ত হয়। যেমন:
জটিল: যদিও লোকটি ধনী, তবু সে কৃপণ।
যৌগিক: লোকটি ধনী কিন্তু কৃপণ।
জটিল: যদিও তাঁর টাকা আছে, তবু তিনি দান করেন না।
যৌগিক: তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না।
জটিল: যখন বিপদ আসে, তখন দুঃখও আসে।
যৌগিক: বিপদ ও দুঃখ একই সঙ্গে আসে।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা