ভাব-সম্প্রসারণ
প্রিয় শিক্ষার্থী, ভাবসম্প্রসারণ তিন প্যারা করে লেখাই ভালো। ভাবসম্প্রসারণগুলো মূল বইকে অনুসরণ করে লেখা হয়েছে।
৩.
যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
মানবসভ্যতা বিকাশে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠেছে আমাদের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি।
মানবসভ্যতা বিকাশে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠেছে আমাদের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি। সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসেবে। তাই নারী ও পুরুষ চিরকালের সার্থক সঙ্গী। একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সৃষ্টির আদিমকাল থেকে নারী পুরুষকে জুগিয়েছে প্রেরণা, শক্তি ও সাহস। আর পুরুষ বীরের মতো সব কাজে অর্জন করেছে সাফল্য। আজ পর্যন্ত বিশ্বে যত অভিযান সংঘটিত হয়েছে, তার অন্তরালে নারীর ভূমিকাই মুখ্য। সংগত কারণেই নারী ও পুরুষের কার্যক্ষেত্রে ভিন্নতা আছে। তবুও নারী যেমন পুরুষের ওপর নির্ভরশীল, পুরুষও তেমনি নারীর মুখাপেক্ষী। নারীকে বাদ দিয়ে পুরুষের জীবন অসম্পূর্ণ, অর্থহীন। নারী ও পুরুষের মিলনের মধ্যেই রয়েছে জগতের সমস্ত কল্যাণ। উভয়ের দানে পুষ্ট হয়েছে আমাদের পৃথিবী। সমাজের স্বার্থে, রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে নারীদের সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে, যাতে তারা আমাদের সব কাজে উন্নয়নের সহযাত্রী হয়ে অগ্রসর হতে পারে।
নারী-পুরুষ উভয়ের সম্মিলিত প্রয়াসেই গড়ে ওঠে সমাজ, সমাজের রূপরেখা, রাষ্ট্রের কাঠামো এবং রাষ্ট্রের উন্নয়ন।
৪.
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
ভাষা আন্দোলনের রক্তদান কিছুতেই বিস্মৃত হওয়া যায় না; কারণ ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁরা অনন্য, জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ।
পৃথিবীর সব দেশেরই জাতীয় জীবনে এমন দু-একটি দিন আসে, যা স্বমহিমায় উজ্জ্বল। আমাদের জাতীয় জীবনে এমনি স্মৃতিবিজড়িত মহিমা-উজ্জ্বল একটি দিন একুশে ফেব্রুয়ারি। সারা বিশ্বের বাংলাভাষীদের কাছে এ দিনটি চিরস্মরণীয়। একুশে ফেব্রুয়ারির ইতিহাস একদিকে আনন্দের, অন্যদিকে বেদনার। পাকিস্তানি স্বৈরশাসকেরা বাঙালির মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল ১৯৪৮ সালে। বাংলার মানুষ সে অন্যায় মেনে নেয়নি। বাংলার দামাল ছেলেরা তুমুল বিরোধিতা করে রাজপথে নেমে আসে। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে বাংলার আকাশ-বাতাস প্রকম্পিত করে তোলে। স্বৈরাচারী পাকিস্তানি সরকার আন্দোলন দমনের জন্য শুরু করে গ্রেপ্তার, জুলুম ও নির্যাতন। এতেও বাংলার দুরন্ত ছেলেদের দমাতে না পেরে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তাদের মিছিলে নির্মমভাবে গুলিবর্ষণ করে। রফিক, শফিক, বরকত, জব্বার, সালামের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়। বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। আর সমগ্র বাঙালির চেতনায় চিরস্মরণীয় ও বরণীয় থাকে ভাষাশহীদদের নাম। তাঁদের ঋণ আমরা কোনো দিন ভুলব না। মায়ের মুখের ভাষার সম্মান রক্ষায় বাংলার নির্মম-মৃত্যু-ভয়-নির্লিপ্ত দুর্জয় সন্তানেরা আপন বুকের রক্তে পিচ ঢালা কালো রাস্তাকে রঞ্জিত করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা বিশ্বের ইতিহাসে বিরল। একুশ আমাদের অহংকার, আমাদের জাগ্রত চেতনার কেন্দ্রবিন্দু। একুশের রক্তাক্ত ইতিহাস বাঙালি ধরে রেখেছে তার কাব্যে, সাহিত্যে, সংস্কৃতিতে তথা স্মৃতির অক্ষরে—শহীদ মিনারে।
একুশ হোক জগতের সব অনৈক্য, সংঘাত ও অশান্তির বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার। তাই একুশের রক্ত ও তার প্রতিফলন কখনো ভুলে যাওয়া যায় না।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল