বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্ছেদ লিখন
প্রিয় শিক্ষার্থী, অনুচ্ছেদে কোনো প্যারা করবে না। প্যারা করলে শুধু প্রথম প্যারার অংশবিশেষের নম্বর পেতে পারো। এ ক্ষেত্রে কোনো উদাহরণ ধরে আলোচনারও দরকার নেই।
একুশে ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক গৌরব, আত্মত্যাগ ও চেতনার নাম। মহান একুশে ফেব্রুয়ারির বেদনা, স্মৃতি, আনন্দ ও মহিমা আমাদের জাতীয় চেতনার সঙ্গে জড়িয়ে আছে। এ চেতনা আমাদের ভাষা আন্দোলনের চেতনা। ব্রিটিশ দুঃশাসনের অবসানের মধ্য দিয়ে ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় দুটি রাষ্ট্রে। পশ্চিম পাকিস্তানি শাসকেরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রথমেই আমাদের বাংলা ভাষাকে নিয়ে চক্রান্ত শুরু করে। ১৯৪৮ সালে পাকিস্তানের শাসক মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে ঘোষণা করেন। কিন্তু এ দেশের সাধারণ মানুষ বিশেষ করে ছাত্রসমাজ এই দাবি মেনে নেয়নি। তাদের দুর্বার আন্দোলনের ফলে পাকিস্তানিরা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ওই দিন ১৪৪ ধারা জারি করে। কিন্তু দুর্জয় ছাত্রসমাজ ওই দিন ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে মিছিল বের করলে বর্বর পাকিস্তানি শাসকেরা মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে সালাম, বরকত, রফিক, শফিকসহ আরও অনেককে। জীবনের বিনিময়ে বাংলা ভাষাকে তাঁরা রক্ষা করেন। ফলে বাংলা ভাষা ১৯৫৬ সালে মর্যাদা পায় রাষ্ট্রভাষা হিসেবে। এর পর থেকে এ দিনটির স্মরণে একুশ ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে মাতৃভাষার জন্য আত্মত্যাগের এই বিরল ঘটনাকে সম্মান দিয়ে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘ স্বীকৃতি দেয়। এখন প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বের প্রতিটি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। একুশের চেতনায় উদ্ভাসিত হয়ে আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বাংলা নববর্ষ
পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ উত্সব। সম্রাট আকবর কর্তৃক সর্বপ্রথম বাংলা সনের প্রবর্তনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের যাত্রা শুরু হয়, যা বাংলাদেশের জাতীয় উত্সব, ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে এই উত্সব সব বাঙালি উদ্যাপন করে থাকে প্রবল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। বাঙালির জাতিসত্তা বিনির্মাণে এবং স্বাধীনতা অর্জনে রয়েছে নববর্ষের ভূমিকা। একসময় জমিদার ও নবাবেরা নববর্ষে পুণ্যাহ আয়োজন করতেন। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বিশেষ গুরুত্ব দিয়ে নববর্ষ উদ্যাপন করায় সে আয়োজন দেশময় ছড়িয়ে পড়ে। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড় এবং বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ। সংস্কৃতি সংগঠন ছায়ানট ১৯৬৭ সাল থেকে নববর্ষে ঢাকার রমনায় অনুষ্ঠান আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ধারাবাহিকতায় আমরা আজও নববর্ষ উত্সব মন ও মননে লালন করছি। চারুকলা প্রতিবছর আয়োজন করে মঙ্গল শোভাযাত্রার। এই দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি ও মেয়েরা নানা রঙের শাড়ি পরে পরিবেশ বর্ণিল করে তোলেন। এই দিনে প্রত্যেক বাঙালি নিজের, বন্ধুর, পরিবার ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে। বাংলা নববর্ষ ২০১১ সাল থেকে জাতীয়ভাবে পালন করা হচ্ছে। এটি যেহেতু আমাদের জাতীয় উত্সব, সেহেতু আমাদের প্রত্যেকেরই উচিত এ উত্সবের গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়া।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা