বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেদন লিখন

প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো।

প্রশ্ন: কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।

বরাবর

অধ্যক্ষ,

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।

বিষয়: কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদন।

সূত্র: বিএনএমপিসি/০৯/০৩/২০১৪/৯০

জনাব,

আমি আপনার আদেশানুসারে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিচে উপস্থাপন করছি।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত

০৯ মার্চ, ২০১৪ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হয়েছে। অন্যান্য বছরের মতো এবারেও এ নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব ছিল কলেজ সংসদের ক্রীড়া বিভাগের ওপর। ক্রীড়া বিভাগের সম্পাদকের উদ্যোগে কমিটির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দরভাবে ক্রীড়ানুষ্ঠান পরিচালিত হয়েছে।

এবারের প্রতিযোগিতার বিষয় ছিল খুবই বৈচিত্র্যপূর্ণ। ২৫টিরও বেশি বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন রকমের দৌড়, লাফ, লৌহগোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, দ্রুত হাঁটা, সাইকেল দৌড় ইত্যাদি। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক পৃথক বিষয় নির্ধারিত ছিল। ‘যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত মহিলাদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য। পুরুষ অতিথিদের জন্য ছিল হাঁড়ি ভাঙা। কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অন্য কর্মচারীদের জন্যও ছিল প্রতিযোগিতার ব্যবস্থা।

ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে শ্রেষ্ঠ প্রতিযোগীর গৌরব লাভ করেছিল ৯ম শ্রেণির ছাত্র নুহাশ ও কাজল এবং মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছিল ৯ম শ্রেণির রোজা ও ১০ম শ্রেণির রিয়া হোসেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল সকাল নয়টায়। উদ্বোধন করেছিলেন যুব, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। সারা দিন প্রতিযোগিতা চলার পর বিকেল পাঁচটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি দিনব্যাপী এ অনুষ্ঠান উপভোগ করেন।

কলেজের অনেক ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কলেজের ক্রীড়া শিক্ষকের নির্দেশনায় শিক্ষর্থীরা ক্রীড়ানুশীলনের প্রতি দারুণভাবে আগ্রহী হয়ে উঠেছিল। প্রতিযোগিতার আগে বাছাই পর্বে অনেককে বাদ দিতে হয়েছে। তবে ক্রীড়াচর্চায় উত্কর্ষের কিছু অভাব পরিলক্ষিত হয়েছে। কলেজে নিয়মিত খেলাধুলা চর্চার সুযোগ থাকলে শিক্ষার্থীরা আরও বেশি উত্কর্ষ দেখাতে সক্ষম হতো। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও যে প্রয়োজনীয়তা আছে, সে সম্পর্কে কর্তৃপক্ষের সচেতন হওয়া আবশ্যক।

এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উত্সাহ-উদ্দীপনার সঙ্গে উদ্যাপিত হয়েছে। কলেজের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। প্রতিযোগীদের কুচকাওয়াজ, তোপধ্বনি, পায়রা ওড়ানো ইত্যাদি আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পাদিত হয়েছে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দ দিয়েছে। ছাত্রছাত্রীরা যে শৃঙ্খলার পরিচয় দিয়েছে, তা আজকের দিনে বিরল। কলেজের সব শিক্ষক-শিক্ষিকা উদার সহযোগিতা প্রদর্শন করে প্রতিযোগিতাকে সফল করে তুলেছেন। প্রধান অতিথির ভাষণ ছাত্রছাত্রীদের মনে বহুদিন প্রেরণার উত্স হয়ে থাকবে।

বার্ষিক ক্রীড়ানুষ্ঠাটি কলেজের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদকের নাম ও ঠিকানা:

নিপা খান,

২০৭ কলেজ ছাত্রীনিবাস, বিএনএমপিসি।

প্রতিবেদনের শিরোনাম: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত।

প্রতিবেদন তৈরির সময়: সকাল ১০টা

তারিখ: ০৪/০৪/২০১৪

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা