প্রতিবেদন লিখন
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো।
প্রশ্ন: একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো।
‘তরা’য় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
# আবিব আকিব তৌফিক, ভুক্তভোগী, মানিকগঞ্জ
গত ১৫ জানুয়ারি সকাল নয়টায় মানিকগঞ্জ শহর থেকে পাঁচ কিমি পশ্চিমে তরা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ঢাকাগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মেহগনিগাছের সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খায় এবং পাশের খাদে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার ভেতর দ্রুতগতিতে বাস যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো ব্যক্তিই অক্ষত থাকতে পারেনি। প্রচণ্ড শব্দ ও চিত্কার শুনে আশপাশের গ্রামের লোকজন এসে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই পাঁচজনের লাশ দেখে স্থানীয় জনগণ শোকে বাকরুদ্ধ হয়ে যায়। চালক ঘটনাস্থলেই নিহত হন। বাস যাত্রীদের ২৮ জনকে আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তরা থেকে টেলিফোনে খবর পেয়ে মানিকগঞ্জ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসে। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলোর দায়িত্ব নেয়। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে আটজন ও হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যায়। আশ্চর্যজনকভবে বেঁচে যান এক নারী। তিনি শিবালয় থানা মহিলাবিষয়ক কর্মকর্তা মিসেস শারমিন নাহার রুপা। তিন ঘণ্টা পর মানিকগঞ্জ সদর হাসপাতালে তাঁর জ্ঞান ফেরার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। তিনি জানান, যদিও নিয়মানুসারে মিনিবাসটির যত্রতত্র থামা উচিত নয়, তবু অতিরিক্ত আয়ের লোভে তারা সব স্টপেজ থেকে যাত্রী ওঠানো-নামানো করিয়েছে। ফলে যাত্রাবিলম্ব ঘটেছে। সিন্ডিকেটের নির্ধারিত সময়সীমা লঙ্ঘিত হলে জরিমানা দিতে হয়। পথে সময়ক্ষেপণ করে পরবর্তী সময়ে দ্রুত চালিয়ে সে সময়টুকু বাঁচাতে গিয়েই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মিনিবাসের ধারণক্ষমতা ২০ জন যাত্রী, কিন্তু আহত ও নিহতের সংখ্যা যোগ করলে হয় ৩৫ জন যাত্রী। অর্থাত্ অতিরিক্ত যাত্রীবহন ছিল এ দুর্ঘটনার মূল কারণ। মিসেস রুপা জানান, তাঁর পাশের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং তিনি বেঁচে আছেন—এটি তাঁর কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য ও অলৌকিক ঘটনা।
তবে স্থানীয় জনগণের অকুণ্ঠ ও আন্তরিক সহযোগিতা প্রমাণ করেছে, মানবতার মৃত্যু নেই। যার যতটুকু সামর্থ্য, তারা তা প্রয়োগ করেছে। অবশ্য এর মাঝেও হাতঘড়ি, গলার হার, আংটিসহ অন্য জিনিসপত্র খোয়া গেছে বলে জানা যায়। আলোর পাশে অন্ধকার থাকবেই—তবু এ জাতীয় মনুষ্য নামধারী জীবের প্রতি ঘৃণা পোষণ করতেও কুণ্ঠা জাগে। এ প্রতিবেদক সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে শিউরে ওঠেন। জমাটবাঁধা রক্ত, দুমড়ানো-মোচড়ানো মিনিবাস, সবকিছু মিলিয়ে বীভত্স এক দৃশ্য!
# বাকি অংশ ছাপা হবে রোববার
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা