বাংলা: দুখু আর সুখু
আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, প্রীতি ও শুভেচ্ছাসহ আজকের আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি।বাংলা বিষয়ে পড়াশোনার ওপর আলোচনায় আজ রয়েছে বাংলাদেশের লোককাহিনীভিত্তিক গল্প ‘দুখু আর সুখু’। ড. মাহবুবুল হকের পুনর্লিখিত এ গল্পে এক চাষি ও তার দুই মেয়ে দুখু আর সুখুর ভিন্ন ধারার চরিত্রের বৈশিষ্ট্য সুন্দরভাবে ফুটে উঠেছে। দুখুর চরিত্র থেকে আমরা জানতে পেরেছি, কারও উপকার করলে যেমন ভালো প্রতিদান পাওয়া যায়, তেমনি হিংসা করলে পরিণাম খুব খারাপ হয়। পাশাপাশি এটাও আমরা শিখেছি, নির্লোভ ব্যক্তি স্বাভাবিকভাবেই পুরস্কৃত হয়, আর লোভী ব্যক্তি উপযুক্ত সাজা পেয়ে থাকে। তাই হিংসা নয়, লোভ নয়—সৌহার্দ্যপূর্ণ আর নির্লোভ জীবনই সাফল্য ও সৌভাগ্যের চাবিকাঠি। এসো তাহলে এবার ‘দুখু আর সুখু’ গল্পের কয়েকটি প্রশ্নের নমুনা উত্তর দেখে নেয়া যাক। প্রশ্ন: দুখু বাড়ি ফিরে কী করল?উত্তর: তুলোর পেছনে ছুটতে ছুটতে দুখু বাতাসের সঙ্গে চাঁদের বুড়ির প্রাসাদে পৌঁছে গিয়েছিল। চাঁদের বুড়ির কাছ থেকে সে পেয়েছিল বেনারসি কাপড় আর সোনা-হীরে-মুক্তোর গহনা। চাঁদের বুড়ির কাছ থেকে ফেরার পথে ঘোড়া, কলাগাছ আর গাইয়ের কাছ থেকেও পেয়েছিল অনেক উপহার। দুখু বাড়ি ফিরে অর্ধেক গহনা তার বোন সুখুকে দিয়ে দিল। দুখুর অন্তর ভালো, তাই সে সব গহনা নিজে না নিয়ে বোনের সঙ্গে ভাগাভাগি করে তৃপ্তি পেতে চেয়েছিল। প্রশ্ন: সুখু গয়না না নিয়ে কী জানতে চাইল? উত্তর: ‘দুখু আর সুখু’ গল্পে চাষির দুই মেয়ের স্বভাব ছিল দুই রকম। বড় মেয়ে দুখু ছিল শান্ত স্বভাবের। ছোট মেয়ে সুখু ছিল বদমেজাজি আর আলসে।শান্ত দুখু চাঁদের মা বুড়ির কাছ থেকে পাওয়া গয়নার অর্ধেক ছোট বোন সুখুকে দিতে চেয়েছিল। কিন্তু সুখুর বড় অহংকার। সে দুখুর কাছ থেকে একটা গয়নাও নিল না। গয়না না নিয়ে সুখু উল্টো দুখুর কাছে জানতে চাইল, সে কীভাবে এগুলো পেল। দুখু সরল মেয়ে। সে চাঁদের মা বুড়ির কাছ থেকে গয়না পাওয়ার ঘটনা সুখুকে খুলে বলল। প্রশ্ন: কিছুক্ষণ সুতো কাটার পর সুখু কী ভেবে সুতো কাটা বন্ধ করে দিল? উত্তর: চাঁদের মা বুড়ির কাছ থেকে গয়না পাওয়ার ঘটনা সুখু তার বড় বোন দুখুর কাছ থেকে জেনে নিয়েছিল। আর তখনই মনে মনে সুখু ফন্দি এঁটেছিল, চাঁদের মা বুড়ির কাছ থেকে সে দুখুর চেয়ে বেশি গয়না নিয়ে আসবে। এই ভেবে সে দুখুর মতোই একদিন ভোর না হতেই সুতো কাটতে বসে চরকায়। অপেক্ষা করতে থাকে কখন বাতাস তার তুলো উড়িয়ে নেবে। কিছুক্ষণ সে সুতো কাটল। কিন্তু জোরালো বাতাস আর বইল না। সুখু ভাবল, খামোখা বসে বসে সুতো কেটে লাভ কী! যখন জোর বাতাস বইতে শুরু করবে তখন সুতো কাটলেই হলো। এই ভেবে সুখু সুতো কাটা বন্ধ করে দিল।