সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৮ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# রহিম মিয়া পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে একটি মাটির ঘরে বসবাস করেন। তিনি রান্নাঘর তৈরির জন্য মাটি এনেছেন তাঁর ঘরসংলগ্ন পাহাড় থেকে। একদিন হঠাত্ বাইরে মানুষের শোরগোল শুনতে পেয়ে বাইরে যান। গিয়ে দেখেন, পাহাড়ি এলাকায় জমিজমা নিয়ে বিবাদ চলছে। আকাশের অবস্থা খারাপ থাকায় তাড়াতাড়ি ঘরে ফিরে আসেন। ঘরে ফিরে আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। স্বামী-স্ত্রী দুজনেই ঘরে ফিরে খাওয়া-দাওয়া শেষ করে শোবার ঘরে যান। ঠিক সে সময়েই তাঁদের বাচ্চা যে ঘরে শোয়া ছিল, ঘরটি মাটিচাপা পড়ল। তাঁদের পুরো ঘরটি ভেঙে গেল। তাঁরা দুজন জীবিত থাকলেও বাচ্চাটি মারা গেল।
প্রশ্ন:
ক. ভূমিধস কী?
খ. কোন ধরনের পাহাড়ে ভূমিধসের আশঙ্কা বেশি থাকে?
গ. উদ্দীপকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এর জন্য কে দায়ী? বুঝিয়ে বলো।
ঘ. উদ্দীপকে রহিম মিয়ার পরিবারের ওপর ঘটে যাওয়া ঘটনাটি কী? এর ভয়াবহতা তুলে ধরো।
উত্তর-ক.
পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়।
উত্তর-খ.
যেসব পাহাড় বেলে পাথর বা শেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদি ও ভারী বৃষ্টিপাতের কারণেই ভূমিধস ঘটে থাকে।
উত্তর-গ.
উদ্দীপকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, এর জন্য দায়ী রহিম মিয়া। তাঁর সৃষ্ট কর্মকাণ্ডের ফলেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ভূমিধস দুটি কারণে সংঘটিত হয়। মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণ। এখানে কিন্তু রহিম মিয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে, যা মানবসৃষ্ট। কারণ, রহিম মিয়া রান্নাঘর তৈরি করতে পাহাড়ের পাদদেশ থেকে মাটি কেটে নিয়ে এসেছেন। আর প্রবল বর্ষণের কারণেই ভূমিধস ঘটেছে। এই ভূমিধস রহিম মিয়ার ছেলের বাচ্চার জীবন কেড়ে নিয়েছে। রহিম মিয়া যদি মাটি কাটার আগে সাবধান হতেন, তাহলে তাঁর পরিবারকে এ মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হতে হতো না। আর তাঁর বাচ্চাকে প্রাণ দিতে হতো না। তাঁর বাড়ি-ঘর ধ্বংস হতো না। অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতেন না। সুতরাং রহিম মিয়ার কারণেই মানবসৃষ্ট এই মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটেছে।
উত্তর-ঘ.
উদ্দীপকে রহিম মিয়ার পরিবারের ওপর ঘটে যাওয়া ঘটনাটি হলো ভূমিধস। মানুষ ব্যাপক হারে গাছপালা ও পাহাড় কেটে ভূমিধসের ঘটনা ঘটায়। ভারীবর্ষণে পাহাড়ের মাটি ধসে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। প্রাকৃতিক কারণেও ভূমিধস হতে পারে। ভূমিধসের ফলে পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনগোষ্ঠী ভয়াবহ বিপদের কবলে পড়তে পারে। ভূমিধস হলে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে, তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়তে পারে। পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষের অবিবেচক কর্যকলাপ তথা নির্বিচারে পাহাড় কাটা, গাছ কাটার ফলে বিভিন্ন সময় আমাদের দেশে ভূমিধসের কারণে অনেক মানুষকে প্রাণ দিতে হয়। আমাদের দেশের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায়ই ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ও বাড়িঘর নষ্ট হয়। তাদের এই অসাবধানতা জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে চরম বিপর্যয় ডেকে আনে। উদ্দীপকে রহিম মিয়ার অসাবধানতা তাঁর বাচ্চার জীবন কেড়ে নিয়েছে। তাঁর বাড়িঘর, আসবাবপত্র সবই ধ্বংস করে দিয়েছে। অর্থনৈতিকভাবে তাঁকে করেছে পঙ্গু।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর