বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আন্তরিক শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৫ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো। অল্প কথায় উত্তর দাও। প্রশ্ন: জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখো।উত্তর: বাংলাদেশে যথেষ্ট মূলধন না থাকলেও আছে পর্যাপ্ত জনসংখ্যা। এই জনসংখ্যার দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাদের ‘মানব মূলধন’ বা দক্ষ জনসম্পদে রূপান্তর করা সম্ভব। কারণ, মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে দক্ষ জনসম্পদের ওপর। তাই দক্ষ জনসম্পদ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ও অপরিহার্য শর্ত। বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যাকে যদি দক্ষ জনসম্পদে রূপান্তর করা যায়, তবে জনসংখ্যা দেশের জন্য সমস্যা না হয়ে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায়: ১. শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন, এ ছাড়া কর্মমুখী শিক্ষাব্যবস্থার জন্য কারিগরি শিক্ষার প্রসার এবং প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে;২. উপযুক্ত খাদ্য ও পুষ্টি, পরিবেশসম্মত আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে; ৩. সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে; ৪. কর্মসংস্থান বৃদ্ধি করা এবং শ্রমের দক্ষতা বৃদ্ধি—এই দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিলে বাংলাদেশের জনসম্পদ উন্নত হবে এবং বেকার সমস্যার সমাধান হবে;৫. বাংলাদেশের দক্ষ জনসম্পদ রপ্তানি করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা সম্ভব। প্রশ্ন: জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো। উত্তর: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিত্সা ইত্যাদি সবকিছু মিলেই নির্ধারিত হয় দেশের জনগণের জীবনযাত্রার মান। জনসংখ্যা বৃদ্ধির ফলে জীবনযাত্রার মানের ওপর যে প্রভাব পড়ে তা নিচে আলোচনা করা হলো: ১. অতিরিক্ত জনসংখ্যার চাপে দেশের দারিদ্র্যবিমোচন বাধাপ্রাপ্ত হচ্ছে; ২. বেকারত্ব বাড়ছে;৩. মানুষের জীবনযাত্রার প্রয়োজনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির ফলে যাতায়াতের পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থাও করা যায় না; ৪. সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়ায় উন্নয়নপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে; ৫. অতিরিক্ত জনসংখ্যা দেশের নারী উন্নয়নের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে।সুতরাং দেশের উন্নয়নের জন্য নারীশিক্ষার প্রসার দরকার। কর্মসংস্থান বৃদ্ধি দরকার। সামাজিক মর্যাদা বৃদ্ধির প্রয়োজন। আর দরকার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ।