বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩  প্রিয় শিক্ষার্থী, আজ ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও—আঞ্চলিক সহযোগী সংস্থা অঞ্চল সদর দপ্তর‘ক’ দক্ষিণ-পূর্ব এশিয়া জাকার্তা‘খ’ ইউরোপ ব্রাসেলসক. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?খ. জাতিসংঘের গঠন কাঠামোটি লেখো। গ. ‘ক’ আঞ্চলিক সহযোগী সংস্থার বিবরণ দাও। ঘ. ‘খ’ আঞ্চলিক সহযোগী সংস্থার কার্যক্রম বিশ্লেষণ করো। উত্তর: ক. ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। উত্তর: খ. প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা ও মানবিক বিপর্যয় থেকে শিক্ষা নেন তৎকালীন বিশ্ব নেতারা। তারই ধারাবাহিকতায় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সঙ্গে অন্যান্য দেশের নেতাদের দীর্ঘ আলাপ-আলোচনার ফলে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। জাতিসংঘের মোট ছয়টি অঙ্গসংগঠন রয়েছে। শুরুতে ৫০টি দেশ জাতিসংঘের সদস্য ছিল। বর্তমানে এর সদস্যসংখ্যা ১৯৩। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। জাতিসংঘের মহাসচিব হলেন এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা। এই সংস্থার প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের অধিবাসী ট্রিগভেলি। বর্তমান মহাসচিবের নাম বান কি মুন। তিনি দক্ষিণ কোরিয়ার অধিবাসী। বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘের ছয়টি অঙ্গসংগঠন হলো—১. সাধারণ পরিষদ ২. নিরাপত্তা পরিষদ ৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ৪. অছি পরিষদ ৫. আন্তর্জাতিক আদালত এবং ৬. জাতিসংঘ সচিবালয়। উত্তর: গ. উদ্দীপকের ‘ক’ আঞ্চলিক সংস্থাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সহযোগী সংস্থা এবং এটির সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। তাই এটির নাম আসিয়ান; পুরো নাম অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস অর্থাৎ দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা; এর সদস্যসংখ্যা ১০। দেশগুলো হলো ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মিয়ানমার, কাম্পুচিয়া ও লাওস। আসিয়ানের প্রধান লক্ষ্যগুলো হলো সদস্য দেশগুলোর মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব-সংঘাত নিরসন এবং দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও কারিগরি উন্নয়নে পারস্পরিক সাহায্য-সহযোগিতা করা। উত্তর: ঘ. উদ্দীপকের ‘খ’ অঞ্চলটি ইউরোপ মহাদেশের একটি আঞ্চলিক সহযোগী সংস্থা, যার সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। তাই এই আঞ্চলিক সংস্থাটির নাম ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ১৯৫৭ সালে পশ্চিম ইউরোপের সর্বপ্রথম ছয়টি দেশের সমন্বয়ে গঠিত এ সংস্থাটির বর্তমান সদস্যসংখ্যা ২৭। ইইউর নির্বাহী বিভাগের নাম ইউরোপীয় কমিশন (ইসি)। ইসি সার্বিকভাবে ইইউকে প্রতিনিধিত্ব করে। ইইউর উল্লেখযোগ্য কার্যাবলি হলো— ১. সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন বাজার সৃষ্টির মাধ্যমে বাণিজ্য ও অর্থনীতির উন্নয়ন এর প্রধান লক্ষ্য। ২. ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশের নাগরিকেরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই ইউনিয়নভুক্ত সব দেশে যাতায়াত করতে পারে। ৩. এক দেশের মানুষ অপর দেশে গিয়ে লেখাপড়া, ব্যবসা ও চাকরির সুযোগ পাচ্ছে। ৪. ইইউ দেশগুলোর মধ্যে একক মুদ্রা চালু হয়েছে, যার নাম ‘ইউরো’।৫. ইসি, ইইউর পক্ষে দৈনন্দিন কাজ পরিচালনা করে। অর্থাৎ নীতি বাস্তবায়ন, তহবিল বরাদ্দ ও ব্যয়ের কাজ করে। প্রত্যেক আঞ্চলিক সংস্থা সদস্য রাষ্ট্রসমূহের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদির সমাধানের লক্ষ্যে সমঝোতামূলক নীতি মেনে চলে। ফলে দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য সহজ হয়। পারস্পরিক স্বার্থরক্ষা করা হয় বলে আঞ্চলিক সংস্থাভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বজায় থাকে।