বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থী, আজ সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও—ইউনেসকোডব্লিউএইচওক. কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল? খ. আফ্রিকান ইউনিয়ন গঠনের প্রধান চারটি উদ্দেশ্য লেখো। গ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনগুলো (?) চিহ্নিত স্থানের সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট। ওই সংস্থার উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো। ঘ. বিশ্ব শান্তি রক্ষায় ওই সংস্থার অবদান বিশ্লেষণ করো। উত্তর: ক. ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। উত্তর: খ. ২০০২ সালে প্রতিষ্ঠিত আফ্রিকান ইউনিয়ন গঠনের প্রধান চারটি উদ্দেশ্য হলো—১. আফ্রিকার দেশগুলো ও তাদের জনগণের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করা। ২. দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত করা। ৩. দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন করা। ৪. দেশগুলোতে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা। সর্বোপরি সবআঞ্চলিক সংস্থার মতো এটিও আফ্রিকা মহাদেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে থাকে। উত্তর: গ. উদ্দীপকের বিশেষ সংগঠনগুলো (?) চিহ্নিত স্থানের যে সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট, তা হলো বিশ্ব সংস্থা জাতিসংঘ। জাতিসংঘের এ ধরনের কয়েকটি বিশেষ সংগঠন বিশ্বব্যাপী সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘ বহুবিধ উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছিল। তার মধ্যে কতিপয় উল্লেখযোগ্য উদ্দেশ্য হলো— ১. আন্তর্জাতিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। ২. বিশ্বের সব রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা। ৩. আন্তর্জাতিক আইনের সাহায্যে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সব বিরোধ নিষ্পত্তি করা। ৪. জাতি-ধর্ম-বর্ণ-ভাষা-নারী-পুরুষনির্বিশেষে বিশ্বের সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। ৫. অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। নিজস্ব পতাকাসংবলিত জাতিসংঘ বিশ্বে শান্তির লক্ষ্যে অবিরত কাজ করে চলেছে। প্রধানত বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর: ঘ. প্রতিষ্ঠার পর থেকেই এই সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থাটি বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে আসছে। যুদ্ধ-সংঘাত বিশ্ব শান্তির প্রধান প্রতিবন্ধক। তাই বিশ্বের কোথাও যুদ্ধ বা সামরিক সংঘাত হলে জাতিসংঘ তা বন্ধ করার উদ্যোগ নেয়, কখনো কখনো শান্তিরক্ষী বাহিনীকে সংঘাতপূর্ণ এলাকায় পাঠায়। জাতিসংঘের আরও বহুবিধ গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য অবদানগুলো হচ্ছে— ১. বিশ্ব থেকে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতা দূর করা। ২. মানবাধিকার প্রতিষ্ঠা করা। ৩. পরিবেশ দূষণজনিত সমস্যা মোকাবিলা। ৪. জনসংখ্যা বিস্ফোরণ রোধ। ৫. নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা।উপরিউক্ত কার্যাবলি সম্পাদনের জন্য উদ্দীপকের বিশেষ সংস্থাগুলো কাজ করছে। যেমন ‘ইউনেসকো’ কাজ করে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য। ‘ইউনিসেফ’ কাজ করে শিশুদের কল্যাণের জন্য। ‘ফাও’ খাদ্য ও কৃষির উন্নতির জন্য। ডব্লিউএইচও (হু) স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য এবং ইউএনএফপিএ উন্নয়নশীল দেশে তাদের জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করে থাকে। উপরিউক্ত কার্যাবলি পরিচালনার মাধ্যমে জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে। বাংলাদেশ থেকে আমাদের সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে পৃথিবীর কোনো কোনো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে উদ্দীপকের বিশেষ সংগঠনগুলো বিশ্বব্যাপী অবদান রেখে চলেছে।