সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: মহাস্থানগড়ের কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের বর্ণনা দাও।
উত্তর: মহাস্থানগড় বাংলাদেশের একটি বিশেষ ঐতিহাসিক স্থান। মহাস্থানগড়ের কয়েকটি ঐতিহাসিক নিদর্শন হলো:
১. বাংলাদেশের প্রাচীনতম ও বৃহৎ নগর ‘পুন্ড্রনগর’-এর ধ্বংসাবশেষ রয়েছে।
২. মহাস্থানগড়ের মাটি খুঁড়ে পাওয়া গেছে ‘ব্রাহ্মী শিলালিপি’। এটি হচ্ছে বাংলার প্রাচীনতম শিলালিপি।
৩. পোড়ামাটির ফলক ও ভাস্কর্য, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পাথর ও কাঁচের পুঁতি পাওয়া গেছে।
৪. এখানে গোবিন্দ ভিটা ‘লক্ষিন্দরের মেধ’ ও ‘গোকুল মেধ’ নামে ধর্মীয় পুরাকীর্তি রয়েছে।
৫. ‘খোদাই পাথর’ নামে পরিচিত এক টুকরো বিশেষ ধরনের পাথর পাওয়া গেছে। এই পাথর টুকরোটি প্রায় ৩.৩৫ মিটার লম্বা ও ০.৯১ মিটার চওড়া।
প্রশ্ন: সোমপুর মহাবিহারে কী কী নিদর্শন পাওয়া গেছে?
উত্তর: পাহাড়পুরের গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটি ‘সোমপুর মহাবিহার’ নামে পরিচিত। রাজা ধর্মপালের শাসনামলে (আনুমানিক ৭৮১-৮২১ খ্ির.) এটি নির্মিত হয়। নিদর্শনগুলো হলো:
১. বিহারের চারদিকে ১৭৭টি কুঠুরি রয়েছে।
২. মাঝখানে সুউচ্চ একটি মন্দির রয়েছে। তার চারপাশে রয়েছে অনেক ছোট মন্দির ও পুকুর।
৩. এখানে রন্ধনশালা, ভোজনশালা, পাকা নর্দমা ও কূপের নিদর্শন রয়েছে।
৪. ধ্বংসস্তূপের ভেতরে পোড়ামাটির বেশ কিছু মূর্তি ও চিত্র পাওয়া গেছে। এগুলো বেশির ভাগ বাংলার জীবজন্তুর মূর্তি।
৫. চুনাবালি ও ধাতব মূর্তিও পাওয়া গেছে।
পাহাড়পুরের পুরাকীর্তি প্রাচীন বাংলার ধর্ম ও সংস্কৃতির ঐতিহাসিক নিদর্শনগুলোর অন্যতম।
প্রশ্ন: ময়নামতির পোড়ামাটির ফলকে কী কী দৃশ্য রয়েছে?
উত্তর: কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ময়নামতি অবস্থিত। মন্দিরের বাইরের দেয়াল ও ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য পোড়ামাটির ফলক ব্যবহার করা হতো। পোড়ামাটির ফলকের দৃশ্যগুলো হলো:
১. অলৌকিক জীব ও পৌরাণিক দৃশ্য রয়েছে। ২. এ ছাড়া বাস্তব অনেক দৃশ্য ও মূর্তি রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সিংহ, বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, ঘোড়া, আগুয়ান হাতি, পদ্মে মুখ দেওয়া রাজহাঁস ইত্যাদি। ৩. ঢাল-তলোয়ার হাতে যোদ্ধা, নাচের ভঙ্গিতে নারী-পুরুষ ইত্যাদির দৃশ্যও বিশেষ উল্লেখযোগ্য।
প্রশ্ন: সোনারগাঁওয়ে কোন আমলের ঐতিহাসিক নিদর্শন রয়েছে?
উত্তর: সোনারগাঁও আমাদের আর একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। ঢাকা শহর থেকে প্রায় ২৭কিলোমিটার পূর্ব-দক্ষিণে মেঘনা নদীর পশ্চিম তীরে সোনারগাঁও অবস্থিত। মধ্যযুগে মুসলিম শাসন আমলে বেশ কিছুকাল এখানে বাংলার সুলতানদের রাজধানী ছিল। মোগল আমলের বারো ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঈসা খাঁ এবং তাঁর পুত্র মুসা খাঁর রাজধানী ছিল এখানে। এটি সে আমলের প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র ছিল।
প্রশ্ন: লালবাগ দুর্গের নিদর্শনগুলো লেখ।
উত্তর: লালবাগ দুর্গ পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর নিকটবর্তী স্থানে অবস্থিত। লালবাগ দুর্গের নিদর্শনগুলো:
১. দুর্গের উত্তর ও দক্ষিণ দিকে দুটি প্রবেশপথ রয়েছে। দক্ষিণ দিকের প্রবেশপথে গোপনে বের হওয়ার জন্য অনেক সুড়ঙ্গপথ ছিল।
২. এ দুর্গের ভেতরে ‘দিওয়ান-ই-আম’ নামক দরবার হল, তিন গম্বুজবিশিষ্ট একটি মসজিদ ও একটি পুকুর রয়েছে। এ ছাড়া রয়েছে শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার।
৩. লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটি সম্পূর্ণ ইটের তৈরি। এর চারদিকেও ইটের তৈরি উঁচু প্রাচীর রয়েছে।
৪. এ দুর্গটির মাঝখানে খোলা জায়গা আছে। মুগল শাসকেরা খোলা জায়গায় সুন্দর সুন্দর তাঁবুতে বাস করতেন।
প্রশ্ন: বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?
উত্তর: বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এ দেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে আসছে। অনেক শাসক রাজত্ব করেছেন। সৃষ্টি হয়েছে অনেক ঐতিহাসিক স্থান। যেমন— মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি, সোনারগাঁ ও লালবাগ দুর্গ, আহসান মঞ্জিল প্রভৃতি। এসব নিদর্শন আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে। আমরা এসব ঐতিহাসিক স্থান ও নিদর্শন দেখব। আমরা এগুলো সাধ্যমতো সংরক্ষণ করব।
শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা