সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-১
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল?
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৬শে মার্চ শুরু হয়েছিল।
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল?
উত্তর: কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যসহ সর্বস্তরের নারী-পুরুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল।
প্রশ্ন: মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?
উত্তর: মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এবং ১৭ই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল।
প্রশ্ন: মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন।
প্রশ্ন: মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
উত্তর: মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকারের উদ্যোগে ১৯৭১ সালের ১১ই জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
প্রশ্ন: শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
উত্তর: প্রতিবছর ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
উত্তর: মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ লোক প্রাণ হারায়।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
উত্তর: মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি চারটি। যথা—বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক।
প্রশ্ন: কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল?
উত্তর: সামরিক ও বেসামরিক জনগণের মিলিত অংশগ্রহণের মাধ্যমে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল।
প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি কোনটি?
উত্তর: মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল ‘জয় বাংলা’।
প্রশ্ন: পাকিস্তানি হানাদারদের বুক ভয়ে কেন কেঁপে উঠত?
উত্তর: ‘জয় বাংলা’ ধ্বনি শুনলে পাকিস্তানি হানাদারদের বুক ভয়ে কেঁপে উঠত।
প্রশ্ন: অপারেশন সার্চলাইট কী?
উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলার মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ শুরু হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা