
সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৩ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের চিত্র দেখে প্রশ্নগুলোর উত্তর দাও।
প্রশ্ন:
ক. কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
খ. পাল যুগে তালপাতায় আঁকা ছবিগুলো এখনো ঝকমকে রয়েছে কেন?
গ. উদ্দীপকে বাংলার কোন শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের শিল্পকর্ম এখনো টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান মূল্যায়ন করো।
উত্তর-ক.
কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত।
উত্তর-খ.
পাল যুগের তালপাতায় আঁকা ছবিগুলো হাজার বছর পরেও এখনো ঝকমকে করছে। কারণ, তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে সেসব ছবি আঁকা হয়েছে। এ ছবিগুলোর প্রশংসা আধুনিক কালের বিশ্বের শিল্পরসিকদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে। পুঁথিগুলো ছিল বৌদ্ধ ধর্মশাস্ত্রের।
উত্তর-গ.
উদ্দীপকে বাংলার ঐতিহ্যবাহী নকশিকাঁথা, বেত, বাঁশ ও কাঠের তৈরি কারুশিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি হিসেবে এ শিল্পগুলো আমাদের বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এ শিল্পগুলো আমাদের বাঙালি সমাজজীবনের চিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। কাঠের কাজ বা কারু্নশিল্প, শঙ্খের কাজ , বাঁশ-বেত ও শোলার কাজে বাংলার মানুষ যেমন দক্ষতা দেখিয়েছে তেমনি তাদের সৃজনশীল মনের প্রকাশ ঘটিয়েছে। প্রাচীনকাল থেকেই বাংলার মানুষ বেত, বাঁশ, কাঠের কাজ ও কারুশিল্পে দক্ষতার পরিচয় দিয়ে আসছে। প্রাচীন কাল থেকেই বাংলার নকশিকাঁথার সুনাম আজো অম্লান। গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চার্য নিপুণতায় গল্পকাহিনি ও ছবি ফুটিয়ে তুলেছেন। এখনো সমাজের দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছেন। সংস্কৃতির বিচারে প্রাচীন বাংলার এসব সৃজনশীল কাজের মাধ্যমে আমরা নিজেদের সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি হিসেবে আজও পরিচয় দিতে পারি।
উত্তর-ঘ.
উদ্দীপকের শিল্পকর্মগুলো প্রাচীনকাল থেকেই মানুষের কাছে সমাদৃত হয়ে আসছে। নারীরা প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত তাদের মেধা-মননশীলতা ও সৃজনশীলতার মাধ্যমে নকশিকাঁথা ও কারুশিল্পকার্যটি টিকিয়ে রেখেছে। প্রাচীন বাংলার একটি ঐতিহ্য নকশিকাঁথা। প্রাচীন বাংলার ঘরে ঘরে গ্রামের মহিলারা কাঁথা সেলাই করত। এই কাঁথায় তারা মনের মাধুরী মিশিয়ে নিপুণ দক্ষতায় সুন্দর সুন্দর গল্পকাহিনি ও বিচিত্র ধরনের ছবি ফুটিয়ে তুলত। এখনো সমাজের দরিদ্র নারীরা জীবিকা নির্বাহের জন্য নকশিকাঁথা সেলাই করে এ শিল্পটিকে বাঁচিয়ে রেখেছে। আজও গ্রামবাংলার নারীরা বর্ষাকালে বর্ষার রিমিঝিমি তালে মনের মধ্যে চেপে থাকা স্বপ্নগুলো একজন নিপুণ শিল্পীর মতো বাহারি রঙের নকশিকাঁথায় ফুটিয়ে তোলে। কিংবদন্তির এই নকশিকাঁথা বর্ষা এলে আজও তাই গ্রামবাংলার নারীরা তৈরিতে ব্যস্ত থাকে। প্রাচীনকাল থেকেই বাংলার নারীরা বেত, বাঁশ, কাঠের কাজে ও কারুশিল্পে দক্ষতার পরিচয় দিয়ে আসছে। যদিও কারুশিল্পে নারীদের অবদান পুরুষের তুলনায় কম। দিন দিন মানুষ আধুনিকায়নের ফলে প্রাচীন এ শিল্পগুলোর ব্যবহার অনেক কমে গেছে। তারপরেও বাংলার নারীরা বেত, বাঁশের তৈরি রকমারি নিত্যপ্রয়োজনীয় আসবাব তৈরি করছে। প্রাচীন বাংলার ঐতিহ্য এ শিল্পকর্মটিকে টিকিয়ে রাখার জন্য নারীরা সব প্রতিবন্ধতাকে উপেক্ষা করে নিজস্ব সৃজনশীলতার পরিচয় দিয়ে এ শিল্পকর্মটির প্রাচীন ঐতিহ্য বিকাশে কাজ করে যাচ্ছেন।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর