অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৬ থেকে সংক্ষেপে উত্তর দাও প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সংক্ষেপে উত্তর দাও
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের কয়েকটি কারণ লেখো?
উত্তর: বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন— কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, বনজঙ্গলের পরিমাণ কমে যাওয়া, নদী ধ্বংস হওয়া, জলাধার ভরাট করা ইত্যাদি।
প্রশ্ন: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত কয়েকটি দুর্যোগের নাম লেখো।
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আইলা, সিডর ইত্যাদি ঘটছে।
প্রশ্ন: বিভিন্ন দুর্যোগের ফলে মানুষ কী ধরনের সংকটে পড়ে?
উত্তর: বিভিন্ন দুর্যোগের সময় মানুষ আশ্রয়, পানি, খাদ্য, চিকিত্সা, কর্মসংস্থানের অভাবসহ বিভিন্ন সংকটে পড়ে।
প্রশ্ন: বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকা কোনগুলো?
উত্তর: বাংলাদেশে শতকরা প্রায় ৬৪ ভাগ এলাকায়ই বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে। এর মধ্যে দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল, চর, হাওর ও নদীর তীরবর্তী অঞ্চল বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রশ্ন: নদীভাঙনের প্রধান দুটি কারণ কী কী?
উত্তর: নদীভাঙনের প্রধান দুটি কারণ হলো প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে জোয়ার-ভাটা, ভূমিকম্প ইত্যাদি। অন্যদিকে মানবসৃষ্ট কারণ হলো অপরিকল্পিত নদী খনন, বালু উত্তোলন, নদীর তীরবর্তী গাছ কাটা ইত্যাদি।
প্রশ্ন: কোন কারণগুলো বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে খরার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে?
উত্তর: বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত উন্নয়ন, গাছপালা কেটে ফেলা, বায়ুদূষণ ইত্যাদি বায়ুমণ্ডলকে শুষ্ক করে ফেলে। ফলে বৃষ্টিপাত কমে যায় এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে খরার প্রবণতা বাড়িয়ে দেয়।
শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা