
অল্প কথায় উত্তর দাও: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৭ থেকে অল্প কথায় উত্তর দাও দেওয়া হলো।
প্রশ্ন: মানবাধিকার কাকে বলে?
উত্তর: মানুষ হিসেবে সবার সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। যেমন—লেখাপড়া করা, স্বাধীনভাবে চলাফেরা করা, মত প্রকাশ করা, নিজ নিজ ধর্ম পালন করা, আইনশৃঙ্খলার সহায়তা পাওয়া ইত্যাদি। মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোকে বলা হয় ‘মানবাধিকার’। জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর মানুষের এসব অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’। এ ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সব মানুষের এগুলো পাওয়ার অধিকার আছে।
প্রশ্ন: মানবাধিকারের প্রয়োজনীয়তা লেখো।
উত্তর: মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য দরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোকে ‘মানবাধিকার’ বলে। আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে মানবাধিকারগুলো পেয়ে থাকি। মানবাধিকারের প্রয়োজনীয়তাগুলো হলো:
১. মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে।
২. লেখাপড়া শিখে যোগ্যতা ও মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ করে দেয়।
৩. মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করে।
৪. সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে।
৫. মানুষের ভালো গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করে। স্বাধীন ও সুস্থভাবে বেঁচে থাকা এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য তাই মানবাধিকারের বিকল্প নেই।
প্রশ্ন: নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন কেন?
উত্তর: সমাজে প্রায়ই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা শোনা যায়। অনেক সময় না জানার কারণেও আমরা মানবাধিকারবিরোধী কাজ করি। মানবাধিকার লঙ্ঘনের একটি অন্যতম উদাহরণ হচ্ছে নারী ও শিশু পাচার।
আমাদের দেশ থেকে প্রায়ই নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়। সেখানে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে ব্যবহার করা হয়। এসব কাজ করতে গিয়ে অনেকে আহত হয়। কেউবা মারা যায়। তাদের পরিবারের সদস্যরাও এতে অনেক কষ্ট পায়। শিশু ও নারী পাচার মানবাধিকারবিরোধী কাজ। তাই এটি বন্ধ হওয়া প্রয়োজন। এ ধরনের কোনো ঘটনা ঘটতে দেখলে তা অবশ্যই পুলিশ এবং অন্যদের জানানো উচিত।
প্রশ্ন: আমরা বাড়িতে কীভাবে মানবাধিকার চর্চা করতে পারি?
উত্তর: মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ। আমরা যদি প্রত্যেকে পরিবার থেকে এগুলো মেনে চলার অভ্যাস করি, তাহলে সমাজটা অনেক সুন্দর হবে। তাই পারিবারিক যেকোনো বিষয়ে আমরা পরিবারের সদস্যদের মতামত গ্রহণ করব। এতে সিদ্ধান্ত গ্রহণ যেমন সহজ হয়, তেমনি অন্যের ওপর জোর করে মত চাপিয়ে দেওয়া হয় না। পরিবারের বয়স্কদের শ্রদ্ধা করব এবং প্রয়োজনে সাহায্য করব। ছেলে হোক, মেয়ে হোক সব শিশুকে সমানভাবে শিক্ষা, খাদ্য ও মত প্রকাশের সুযোগ করে দেব। বাড়িতে কাজে সহায়তাকারী ব্যক্তিকে বাড়ির অন্যদের সমান খাবার, পোশাক, চিকিত্সা ও অন্যান্য সুবিধা দেব। তাদের প্রতি কোনো অন্যায় আচরণ করব না।
প্রশ্ন: মানবাধিকার রক্ষায় আমাদের কী করা উচিত?
উত্তর: পৃথিবীর সব মানুষের কল্যাণ ও সমাজ উন্নয়নের জন্য আমাদের অবশ্যই সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে। আমরা যদি প্রত্যেকেই এগুলো মেনে চলার অভ্যাস করি, তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে। মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়:
১. বাড়িতে, বিদ্যালয়ে এবং প্রতিবেশীদের মধ্যে কেউ যদি মানবাধিকারবিরোধী কোনো কাজ করে, তবে তাকে এ বিষয়ে সচেতন করব।
২. প্রয়োজন হলে প্রতিবাদ করব।
৩. সরকার কর্তৃক এ লক্ষ্যে করা বিভিন্ন আইন মেনে চলব।
৪. মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কাজে অংশ নেব।
নাগরিক হিসেবে ওপরের দায়িত্বগুলো পালন করব।
শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা