বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৪ একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# জনাব মঈন উদ্দিন খান স্থাপত্য বিভাগে চাকরি করেন। চাকরির ফাঁকে ফাঁকে ছুটির দিনগুলোয় তিনি ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যকর্ম পর্যবেক্ষণ করেন। তিনি ঢাকা শহরের অনেক স্থাপত্যকর্মই দেখেছেন। কিন্তু ইংরেজ আমলে তৈরি কার্জন হল ভবনটি সব থেকে ব্যতিক্রম ও চিত্তাকর্ষক বলে তাঁর কাছে মনে হয়েছে। শুধু কার্জন হল নয়, ঢাকা শহরের এ রকম আরও ঔপনিবেশিক যুগের স্থাপত্যকর্ম তাঁর পর্যবেক্ষণের মাধ্যমে নতুন অভিজ্ঞতার সঞ্চার করেছে।
প্রশ্ন:
ক. পুরোনো হাইকোর্ট ভবনটি কোন আমলের তৈরি?
খ. প্রত্নসম্পদ বলতে কী বোঝায়?
গ. জনাব মঈন উদ্দিন খান পর্যবেক্ষণকালে ঢাকা শহরের কোন স্থাপত্যকর্ম দেখে অভিভূত হন? তাঁর শৈল্পিক সৌন্দর্য ব্যাখ্যা করো।
ঘ. ‘ঔপনিবেশিক আমলের ঢাকা শহরের স্থাপত্যকর্মগুলো স্থাপত্যশিল্পের চমত্কার নিদর্শন, উক্তিটির বিশ্লেষণ করো।
উত্তর-ক.
পুরোনো হাইকোর্ট ভবনটি ইংরেজ আমলের তৈরি।
উত্তর-খ.
‘প্রত্ন’ শব্দের অর্থ হলো পুরোনো বা প্রাচীন। আর সম্পদ শব্দের অর্থ প্রতিপত্তি বা ঐশ্বর্য। সুতরাং প্রত্নসম্পদ বলতে পুরোনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা, পুরোনো মূল্যবান আসবাপত্র ইত্যাদিকে বোঝায়। এসব নিদর্শনের মাধ্যমে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস-সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গির ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়।
উত্তর-গ.
জনাব মঈন উদ্দিন খান পর্যবেক্ষণকালে ঢাকা শহরের কার্জন হলের স্থাপত্যকর্ম দেখে অভিভূত হন। কারণ, এর নির্মাণশৈলীতে বৈচিত্র্য লক্ষণীয়। অফিস ভবন হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল, তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল। সিংহভাগ ইউরোপীয় স্থাপত্যরীতি ও আংশিক মোগল স্থাপত্যরীতি এর নির্মাণশৈলীতে ফুটে উঠেছে। ইংরেজ আমলে তৈরি এ ভবনটি। লর্ড কার্জন ঢাকা কলেজের পাঠাগার হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন এটি ঢাকা কলেজের গ্রান্ড অ্যাসেমব্লি হলে পরিণত হয়। মূল স্থাপত্যের সঙ্গে আরও ১৮টি কক্ষ নির্মাণ করা হয়। কার্জন হলের নির্মাণকাজ ১৯০৪ সালে শুরু হলেও শেষ হয় ১৯০৮ সালে। কার্জন হলের নির্মাণশৈলীতে নান্দনিক সৌন্দর্য দৃশ্যমান। লাল রঙের ইট দ্বারা তৈরি ঔপনিবেশিক আমলের সম্পূর্ণ এ ভবনটির সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি করেছে। কার্জন হলের উত্তর পাশে বিস্তৃত এলাকাজুড়ে রয়েছে মনোরম ফুলের বাগান। রয়েছে খেলার মাঠ। ভবনটির ছাদের নিচে লোহা ও কাঠের বিম ব্যবহার করা হয়েছে। তিনতলাবিশিষ্ট এ ভবনটি বাইরে থেকে দেখলে নয়ন জুড়িয়ে যায়। তাই জনাব মঈন উদ্দিন খান পর্যবেক্ষণ কালে ঢাকা শহরের নয়নাভিরাম ও শৈল্পিক সৌন্দর্যমণ্ডিত ঔপনিবেশিক আমলের কার্জন হলের স্থাপত্যকর্ম দেখে অভিভূত হন।
উত্তর-ঘ.
ঔপনিবেশিক আমলের ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির ও গির্জা। মসজিদগুলো মোগল স্থাপত্যরীতিতে তৈরি। এর সঙ্গে আরও কিছুটা যোগ হয়েছে ইউরোপীয় রীতি, যা এর সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ, সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ, বেচারাম দেউড়ি মসজিদ, কায়েতটুলি মসজিদ ও সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ উনিশ শতকে ঢাকার উল্লেখযোগ্য মসজিদ। এগুলোর নির্মাণকলা ও কারুকার্য খুবই চমত্কার। লক্ষ্মীবাজারের চিনি টিকরি মসজিদ স্থাপত্যশিল্পের আরও একটি চমত্কার নিদর্শন। বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালীমন্দিরের ঔপনিবেশিক আমলে যে সংস্কার হয়েছে, তার নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। আর্মেনিয়া চার্চ, টমাস অ্যাংলিকান চার্চ, হলিক্রস চার্চ নিজস্ব স্থাপত্য বৈশিষ্ট্যের কারণে সবার কাছে একটি আকর্ষণীয় স্থাপত্যকর্মের স্বাক্ষর হিসেবে আজও জীবন্ত। আরও রয়েছে বাহাদুর শাহ পার্ক, আহসান মঞ্জিল, রূপলাল হাউস ও রোজ গার্ডেনও চমত্কার স্থাপত্যকর্ম। অফিস বাড়ি হিসেবে তৈরি কার্জন হল সবচেয়ে সুন্দর ও মনোহারী। পুরোনো হাইকোর্ট ভবনটিও ঔপনিবেশিক আমলের আরেকটি চমত্কার ইমারতশিল্প। উপরিউক্ত আলোচনার মাধ্যমে বোঝা যায় যে ঔপনিবেশিক আমলের ঢাকা শহরের স্থাপত্যকর্মগুলো স্থাপত্যশিল্পের চমত্কার নিদর্শন। আমাদের ঐতিহ্যের অংশ হিসেবে যা আজও বিদ্যমান।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়