
অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: অল্প কথায় নারী দিবসের বর্ণনা দাও।
উত্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি সেলাইয়ের কারখানায় নারী ও পুরুষ শ্রমিক একসঙ্গে কাজ করতেন। কিন্তু দৈনিক ১২ ঘণ্টা কাজ করেও তাঁরা ন্যায্য মজুরি পেতেন না। ১৮৫৭ সালের ৮ই মার্চ কারখানার নারী শ্রমিকেরা ন্যায্য মজুরি ও আট ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন।
এই দিনটিকে সামনে রেখে ১৯০৮ সালে নিউইয়র্ক শহরের হাজার হাজার নারী শ্রমিক শিশুশ্রম বন্ধ ও নারীর ভোটাধিকারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন। ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান নারী নেতা ‘ক্লারা জেটকিন’ ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। পরবর্তী সময়ে জাতিসংঘ ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করাসহ নানা বিষয়ে সমাজে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। সমাজের নারী-পুরুষের সমতা অর্জনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তাবও করা হয়।
প্রশ্ন: নারী নির্যাতনের মূল কারণগুলো কী?
উত্তর: আমরা প্রতিনিয়ত নারী নির্যাতনের খবর পাই। ফলে নারীর মানবাধিকার খর্ব হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (২০১২) মতে, বাংলাদেশে প্রতি ঘণ্টায় একজন করে নারী নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতনের মূল কারণ হচ্ছে—
ক. পুরুষের তুলনায় নারী বা মেয়েদের নিম্ন সামাজিক মর্যাদা।
খ. শিক্ষার অভাব, দারিদ্র্য, অর্থনৈতিক নির্ভরশীলতা।
গ. বিভিন্ন কুসংস্কার নারী নির্যাতনের কারণ।
ঘ. পারিবারিক নারী নির্যাতনের একটি বিশেষ কারণ হচ্ছে যৌতুক।
নারী নির্যাতন মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর। পুরুষ ও নারীর মধ্যে বিভাজন সৃষ্টি করে নয় বরং নারী-পুরুষের সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতেই সমাজ ও দেশের সার্বিক উন্নতি সম্ভব।
প্রশ্ন: নারী নির্যাতনের নেতিবাচক প্রভাবগুলো কী?
উত্তর: সমাজে নারী নির্যাতনের প্রভাব অনেক ক্ষতিকর। যেমন পারিবারিকভাবে নারী নির্যাতন হলে নির্যাতিত নারীর শারীরিক, মানসিক ক্ষতি হয়। যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হন, সেসব পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধা পায়। নির্যাতিত নারী সময়মতো কাজে যেতে পারেন না। ফলে অর্থনৈতিক ক্ষতি হয়।
পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ হচ্ছে যৌতুক, যা একটি ব্যাধির মতো সমাজে ছড়িয়ে আছে। যৌতুক দিতে হয় বলে মেয়েশিশুকে পরিবারের বোঝা মনে করা হচ্ছে। রাস্তাঘাটে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথেও মেয়েরা নানা হয়রানির শিকার হচ্ছে। এ ধরনের নির্যাতনের নেতিবাচক প্রভাব পড়ছে সমাজের ওপরই। যদি আমরা বাড়ি, বিদ্যালয় ও সবক্ষেত্রে নারী-পুরুষের সমতা ও সমঅধিকার নিশ্চিত করার প্রতি যত্নবান হই, তবে নারী নির্যাতনও বন্ধ হবে।
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা