সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৯ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# আমিনুল ইসলাম সাত ছেলেমেয়ের জনক। তিনি একজন দিনমজুর। তাঁর বড় ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অনার্স পড়ছে। ছেলের পড়ার খরচ জোগাতে তিনি হিমশিম খাচ্ছে। মেজো মেয়েটা সবে এইচএসসি পাস করেছে। তাকে আইটি বিষয়ে পড়াবেন বলে ভাবছেন। বাকিদের নিয়ে তিনি রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছেন। তাঁদের গ্রামে একটি বেসরকারি সংস্থার কাছ থেকে তাঁর স্ত্রী, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং পরিবার ছোট রাখার প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণের সময় তিনি আরও জেনেছেন জনসংখ্যা সব সময় অভিশাপ নয়, আশীর্বাদও হতে পারে। কেবল দরকার কৌশল পরিবর্তন।
প্রশ্ন: ক. বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কী?
খ. জনসংখ্যানীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব আমিনুল ইসলামের দুশ্চিন্তার মূল কারণ কী? এ সমস্যা নিরসনে বেসরকারি সংস্থাগুলো কী কাজ করছে বুঝিয়ে বলো।
ঘ. উদ্দীপকে জনাব আমিনুল ইসলামের স্ত্রী প্রশিক্ষণের সময় জনসংখ্যা সম্পর্কে যে উক্তিটি জেনেছেন তার যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: ক.
বর্তমান বিশ্বে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ।
উত্তর: খ.
দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকেই বলা হয় দেশটির জনসংখ্যানীতি।
উত্তর: গ.
উদ্দীপকে জনাব আমিনুল ইসলামের সমস্যার অন্যতম কারণ হলো তাঁর পরিবারের অধিক সদস্যসংখ্যা। এ কারণে অর্থনৈতিক সমস্যা তাঁকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। জনাব আমিনুল ইসলাম যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতেন, তাহলে এই সমস্যার মুখোমুখি হতেন না। এ সমস্যা (জনসংখ্যা নিয়ন্ত্রণে) নিরসনে বেসরকারি সংস্থাগুলো কমিউনিটি পরিবার পরিকল্পনা প্রকল্পের মাধ্যমে পরিবার ছোট রাখার জন্য পরামর্শ ও শিক্ষা দেয়। বাংলাদেশ সরকার দুটি সন্তানের পরিবার গড়ার যে জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে, বেসরকারি সংস্থাগুলো এই লক্ষ্য অর্জনে কাজ করছে। দেশে বাল্যবিবাহ রোধ ও বিবাহ বিলম্বিত করার জন্য কাজ করে যাচ্ছে। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকা দান ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জনগণকে প্রশিক্ষিত করে তুলছে।
উত্তর: ঘ.
উদ্দীপকে জনাব আমিনুল ইসলামের স্ত্রী প্রশিক্ষণের সময় জেনেছেন জনসংখ্যা সব সময় অভিশাপ নয়, আশীর্বাদও হতে পারে। সম্পদ যেখানে সীমিত এমন একটি দেশের জন্য বিশাল জনসংখ্যা সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু পরিকল্পনা নিয়ে কাজ করলে সেই বিপুল জনসংখ্যাও জনসম্পদে পরিণত হতে পারে। ইতিমধ্যে বিশ্বের অনেক দেশ তাদের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে। চীন বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে তাদের অর্থনীতির চাকাতে ঘুরিয়ে দিয়েছে। ভারত ও শ্রীলঙ্কা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। তথ্যপ্রযুক্তির এ যুগে ভারত তাদের জনশক্তিকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার ক্ষেত্রে বেশ সাফল্য দেখিয়েছে। এমনকি আমেরিকার মতো উন্নত দেশের তথ্যপ্রযুক্তি খাতের শতকরা ২৩ ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল। আমরাও পারি আমাদের বিশাল জনশক্তিকে যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের দুর্বল অর্থনীতির চাকাকে সচল করে উন্নতির মূল ধারায় নিজেদের সম্পৃক্ত করাতে। সেই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমাদের সরকার বিগত বছরগুলোতে এ খাতে প্রচুর বিনিয়োগ করেছে। যুবশক্তিকে সম্পদে পরিণত করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। কর্মমুখী শিক্ষার প্রসার, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, নারীশিক্ষার প্রসার, কৃষিভিত্তিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার প্রদান করে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের জনসংখ্যাকে সম্পদে পরিণত করার ক্ষেত্রে কৌশলগুলো বেশ কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে হয়। আগামী দিনে যার সুফল পাওয়া যাবে।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়