বাংলাদেশ ও বিশ্বপরিচয়
যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, কাঠামো অনুসারে আজ রয়েছে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নম্বর প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
প্রশ্ন: আহসান মঞ্জিলের অভ্যন্তরের গঠন বর্ণনা করো।
উত্তর: আহসান মঞ্জিল প্রাসাদটি অত্যন্ত সুন্দর ও মনোরম স্থাপত্য সৌন্দর্য নিয়ে তৈরি করা হয়েছিল। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে দীর্ঘ বারান্দা ও ‘কুমুদ কলি’ নামে সুন্দর একটি গম্বুজ রয়েছে। প্রাসাদের অভ্যন্তরভাগে চমত্কারভাবে সাজানো। প্রাসাদটির অভ্যন্তরে রয়েছে জলসা ঘর, দরবার হল, রংমহল নামে বিভিন্ন কক্ষ। কক্ষটির অভ্যন্তরে নিচতলা থেকে দোতলায় ওঠার জন্য একটি সুদৃশ্য কারুকার্যময় লোহা ও কাচের তৈরি একটি সিঁড়ি আছে। ঢাকার নবাবদের তৈরি সুদৃশ্য আহসান মঞ্জিল বাংলাদেশের গৌরবময় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
অধ্যায়-৪
প্রশ্ন: বাংলাদেশের পাঁচটি চিনিকলের নাম লেখো।
উত্তর: বাংলাদেশের ৫টি চিনিকল হলো জয়পুরহাট চিনিকল, মোবারকগঞ্জ চিনিকল, নাটোর চিনিকল, রাজশাহী চিনিকল, উত্তর-বাংলা চিনিকল।
প্রশ্ন: রেশমশিল্পের গুরুত্ব লেখো?
উত্তর: বাংলাদেশের একটি বিশেষ শিল্প হলো রেশমশিল্প। রেশম সুতা দিয়ে উন্নত মানের শাড়ি ও কাপড় তৈরি হয়। এ শিল্পের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এ শিল্প আমাদের পোশাকের চাহিদা মেটায়। শৌখিন লোকের পোশাকের চাহিদা পূরণ করে। অর্থনীতিতে গতি সঞ্চার করে।
প্রশ্ন: পাট কী কী কাজে লাগে, উল্লেখ করো।
উত্তর: পাট আমাদের নানা কাজে লাগে। পাট দিয়ে চট, চটের বস্তা ও ব্যাগ তৈরি করা হয়। পাট দিয়ে কার্পেট তৈরি হয়। পাট থেকে উত্পন্ন সুতা দিয়ে ‘জুটন’ নামক কাপড় তৈরি করা হয়। পাট দিয়ে গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী উত্পন্ন করা হয়। বর্তমানে পাটকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় অনেক কিছুই উত্পাদন করা হচ্ছে।
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা