বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও
বিশ্বপরিচয় বিষয়ের ৪ নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১৩
প্রশ্ন: সার্ক-এর পাঁচটি উদ্দেশ্য লেখ।
উত্তর: সার্ক-এর পাঁচটি উদ্দেশ্য নিচে দেওয়া হলো:
১. সদস্য দেশগুলোর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
২. সদস্য দেশগুলোর অর্থনৈতিক সামাজিক, সাংস্কৃৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা।
৩. সদস্য দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে থাকা।
৪. একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
৫. আত্মনির্ভরশীল হতে সাহায্য করা।
প্রশ্ন: জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা তোমার নিজের ভাষায় লেখো।
উত্তর: জাতিসংঘের গৃহীত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিশ্বের বিভিন্ন স্থানে জাতিসংঘ সেনাবাহিনীতে বাঙালি সৈন্য পাঠিয়ে বিশ্বশান্তি ও সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ অনন্য অবদান রাখছে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে বসনিয়া, কুয়েত, সিয়েরা লিয়ন ও কঙ্গোতে আমাদের সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। কঙ্গোসহ অন্যান্য দেশে শান্তি বজায় রাখতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর অনেক বীর সেনাসদস্য জীবন উত্সর্গ করেছেন। বিশ্বশান্তি রক্ষায় জীবন দান আমাদের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গৌরবের।
প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যাবলি সংক্ষেপে লেখো।
উত্তর: বিশ্বব্যাপী সব মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যের সর্বোচ্চ উন্নতি সাধনের লক্ষ্যে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ প্রতিষ্ঠিত হয়। স্বাস্থ্য ও রোগ-ব্যাধি সম্পর্কে সবাইকে সচেতন করা, স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া এ সংস্থার প্রধান কাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতিবছর ৭ এপ্রিল তারিখে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে থাকে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের ফলে বিশ্ব থেকে গুটিবসন্ত রোগ দূর করা সম্ভব হয়েছে।
শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল