বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: মুজিবনগর সরকার কখন ও কোথায় গঠিত হয়েছিল? এ সরকারে কারা ছিলেন?
উত্তর: মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয়। ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এই সরকার শপথ গ্রহণ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পশ্চিম পাকিস্তানে কারাবন্দী ছিলেন। তাঁর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রশ্ন: আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা করো।
উত্তর: আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব:
১. মুক্তিযুদ্ধ পরিচালনা করে মুজিবনগর সরকার।
২. দেশে ও বিদেশে এ যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলে।
৩. যুদ্ধের পক্ষে সমর্থন আদায় করার ক্ষেত্রে এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৪. এ সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
৫. মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য এ সময় সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
প্রশ্ন: কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল?
উত্তর: সামরিক ও বেসামরিক জনগণের মিলিত অংশগ্রহণের মাধ্যমে মুক্তিবাহিনী গড়ে উঠেছিল। বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত ছিল মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী। এদের বলা হতো ‘মুক্তিফৌজ’। আর বেসামরিক সর্বস্তরের জনগণ নিয়ে গড়ে উঠেছিল অনিয়মিত বাহিনী। এ ছাড়া দেশের অভ্যন্তরে আঞ্চলিক পর্যায়ে অন্যান্য বেশ কিছু ছোট ছোট বাহিনী গড়ে ওঠে। এদের মধ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে ‘কাদেরিয়া বাহিনী’ এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ‘মায়া বাহিনী’ উল্লেখযোগ্য।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কীভাবে অংশ নিয়েছিল?
উত্তর: যুদ্ধের সময় এ দেশের অগণিত সাধারণ মানুষ নিজেদের জীবন বিপন্ন করে মুক্তিবাহিনীর পাশে দাঁড়িয়েছিলেন। থাকা, খাওয়া, তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্য দিয়ে মুক্তিবাহিনীকে লড়াই চালিয়ে যেতে তাঁরা উদ্বুদ্ধ করেছিলেন। এসব কাজে নারীদের বিশেষ ভূমিকা ছিল। সংস্কৃতিকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীরাও সক্রিয়ভাবে এ যুদ্ধে অংশ নিয়েছিল। এভাবে সব বিপদ তুচ্ছ করে মুক্তিবাহিনী ও বাংলার অগণিত মুক্তিকামী জনতা শহরে, গ্রামে যে যেভাবে পেরেছিল রুখে দাঁড়িয়েছিল। সবার মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ব্যাপক রূপ লাভ করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা