বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কী ধরনের নির্যাতন তাণ্ডব চালিয়েছিল?
উত্তর: যুদ্ধের প্রথম থেকেই পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে চরম নিষ্ঠুরতার পথ অবলম্বন করে। ২৫ শে মার্চ রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলার মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ শুরু হয়। এ অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। সেদিন এক রাতেই ঢাকাসহ সারা দেশে হাজার হাজার নিরস্ত্র বাঙালিকে নির্বিচারে হত্যা করা হয়। পরবর্তী নয় মাস ধরেই পাকিস্তানি বাহিনীর এই পরিকল্পিত হত্যাকাণ্ড অব্যাহত থাকে। পাশাপাশি তারা চালায় নির্বিচার লুটতরাজ ও ধরপাকড়। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কাউকেই রেহাই দেয়নি পাকিস্তানি হানাদার বাহিনী। তারা লাখ লাখ মানুষকে হত্যা করে সারা দেশের অগণিত স্থানকে বধ্যভূমিতে পরিণত করে।
প্রশ্ন : ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন?
উত্তর: মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা এ দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক জ্ঞানী-গুণী শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিত্সক, সাংবাদিকদের ধরে হত্যা করে। তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক গোবিন্দ্রচন্দ্র দেব, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, সাংবাদিক সেলিনা পারভিন, ডা. আলীম চৌধুরী, ডা. ফজলে রাব্বী, ডা. গোলাম মর্তুজা, ডা. আজহারুল হক এবং আরও অনেকে। এসব শহীদ বুদ্ধিজীবীর স্মরণে আমরা প্রতিবছর ১৪ই ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করি।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের তাত্পর্য বর্ণনা করো।
উত্তর: মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা আমাদের এই দেশটি পেয়েছি। এর ফলেই পৃথিবীর বুকে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। আমরা পেয়েছি নিজস্ব একটা ভূখণ্ড, একটা নিজস্ব পতাকা। জাতি-ধর্ম-বর্ণ-নারী-পুরুষনির্বিশেষে সবাই এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ তাই সবার। এই স্বাধীন দেশে তাই সবার সমান অধিকার। এই দেশটাকে সুন্দর করে গড়ার দায়িত্বও আমাদের সবার। সেই সঙ্গে মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের বহু মানুষের আত্মত্যাগের কথা। ভুললে চলবে না সেই লাখ লাখ মুক্তিযোদ্ধার কথা, যাঁরা জীবনপণ করে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছেন বা আহত হয়ে বেঁচে আছেন। সাধারণ মানুষ যাঁরা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, তাঁদের অবদানও অনেক। মুক্তিযোদ্ধাদের মতো আমরাও সব সময় দেশকে ভালোবাসব।
শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা