অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? এ যুদ্ধের ফলাফল কী ছিল?
উত্তর: সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। ১৭৫৬ সালে নবাব আলিবর্দী খাঁর মৃত্যুর পর তিনি মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।
সিংহাসনে আরোহণ করেই তরুণ নবাবকে নানা ষড়যন্ত্র ও বিরোধী শক্তির মুখোমুখি হতে হয়। এ সময় বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি। নানা কারণে নবাবের সঙ্গে ইংরেজ বণিকদের বিরোধ দেখা দেয়। ইংরেজদের সঙ্গে নবাববিরোধী শক্তিগুলো, যেমন: নবাবের বড় খালা ঘসেটি বেগম, সেনাপতি মীর জাফর আলী খান, রায় দুর্লভ ও জগত্ শেঠের মতো প্রভাবশালী বণিক গোষ্ঠী একজোট হয়ে ষড়যন্ত্রে যোগ দেন। তাঁরা সবাই নবাবকে উত্খাতের চেষ্টা করতে থাকেন। শেষ পর্যন্ত ১৭৫৭ সালের ২৩ শে জুন ইংরেজ শক্তির সঙ্গে নবাবের সেনাদের পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়। যুদ্ধে সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। ও পরে তাঁকে হত্যা করা হয়। এ পলাশী যুদ্ধের মাধ্যমেই বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়।
প্রশ্ন: বাংলার শিক্ষায় বৃটিশ শাসনের প্রভাব কী ছিল?
উত্তর: বাংলার শিক্ষায় বৃটিশ শাসনের প্রভাব:
১. এ সময় বাংলায় নারীদের অবস্থা একেবারেই পিছিয়ে ছিল। এ পরিস্থিতিতে ইংরেজদের মাধ্যমে এ দেশে ইংরেজি শিক্ষার প্রচলন হয়।
২. শিক্ষাবিস্তারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
৩. ছাপাখানার বিকাশে জ্ঞান বিস্তারের সুযোগ বাড়ে।
৪। ইংরেজি শিক্ষার ফলে এ দেশে ক্রমে ক্রমে ইংরেজি শিক্ষিত একটি শ্রেণি গড়ে ওঠে। তাঁদের একাংশের মধ্যে নতুন চেতনার বিকাশ ঘটতে থাকে।
৫. আধুনিক ও ইংরেজি শিক্ষার ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে।
প্রশ্ন: বাংলার অর্থনীতিতে বৃটিশ শাসনের প্রভাব কী ছিল?
উত্তর: বাংলায় বৃটিশ শাসনের প্রধান উদ্দেশ্য ছিল শোষণ ও নিজেদের লাভ। প্রায় ২০০ বছরের শাসনকালে প্রচুর অর্থ ও সম্পদ এ দেশ থেকে পাচার হয়ে যায়। বাংলার অর্থনীতিতে বৃটিশ শাসনের প্রভাব:
১. বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও এককালের তাঁতশিল্প প্রায় ধ্বংস হয়ে যায়।
২. বাংলার শিল্প-বাণিজ্য নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়।
৩. অসংখ্য কারিগর বেকার হয়ে যান।
৪. কোম্পানি শাসনের সময় ১৭৭০ (বাংলা ১১৭৬) সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা