যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৪নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
প্রশ্ন: বয়স্করা আমাদের সম্মানিত ব্যক্তি। বয়স্কদের কীভাবে সম্মান দেখাবে তা লেখো।
উত্তর: বয়স্কদের সম্মান দেখানোর উপায়গুলো নিচে দেওয়া হলো:
ক. তাদের কোনো জিনিস দরকার হলে তা এনে দেওয়া।
খ. ওষুধপথ্য এগিয়ে দেওয়া।
গ. চলাফেরায় সহযোগিতা করা।
ঘ. বিছানাপত্র ও কাপড়চোপড় গুছিয়ে রাখা।
ঙ. তাদের সঙ্গে সব সময় সুন্দর আচরণ করা।
প্রশ্ন: বাড়িতে নিজেদের নিরাপত্তা রক্ষার উপায় লেখো।
উত্তর: আমরা অনেক সময় বাড়িতে নানা রকম দুর্ঘটনার শিকার হয়ে থাকি। এসব দুর্ঘটনা হতে রক্ষা পেতে ছুরি ও কাঁচি সাবধানে ব্যবহার করতে হবে। বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে পায়ে প্লাস্টিক অথবা কাঠের জুতা ও হাতে গ্লাভস ব্যবহার করতে হবে। গ্যাসের পাইপে কোনো ধরনের ছিদ্র থাকলে তা মেরামত করতে হবে। ঘরের দরজা ভালোভাবে আটকে রাখতে হবে। কোনো অপরিচিত লোক দরজায় ধাক্কা দিলে দরজা খোলা উচিত নয়।
প্রশ্ন: বিদ্যালয় ও খেলার মাঠে তোমরা কীভাবে নিজেদের নিরাপত্তা রক্ষা করবে? এ-সম্পর্কিত পাঁচটি উপায় লেখো।
উত্তর: বিদ্যালয় ও খেলার মাঠে আমাদের নিজেদের নিরাপত্তা রক্ষা করব। আমরা বিদ্যালয়ে চেয়ার, টেবিল বা ডেস্কে উঠে লাফালাফি করব না। দোলনা বা অন্যান্য খেলার সামগ্রী ব্যবহারের সময় সতর্ক থাকব। খেলাধুলা করার সময় বিপজ্জনক কোনো শারীরিক কসরত করব না। সাঁতার না জানলে পুকুর বা অন্য কোথাও পানিতে নামব না। শখের বশে দেয়াল বা গাছ বেয়ে উঠব না।
অধ্যায়-৯
প্রশ্ন: কোনো কোনো শিশুকে আদর করলে রেগে যায় কেন?
উত্তর: কোনো কোনো শিশুকে আদর-যত্ন করতে গেলে তারা রেগে যায়। কারণ, তারা অটিস্টিক শিশু। তাদের এ আচরণ ‘অটিজম’ নামের একটি বিকাশগত সমস্যার কারণে হয়ে থাকে। এ সমস্যার কারণে তারা কারও সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, সবার সঙ্গে মিলেমিশে খেলতে চায় না। তারা অন্যের স্পর্শ সহ্য করতে পারে না। তাই তাদের আদর করতে গেলে রেগে যায়।
প্রশ্ন: তোমার বন্ধু ‘রোকন’ অটিজম সমস্যায় ভুগছে। স্বাভাবিক জীবনযাপনের জন্য তাকে কীভাবে উদ্ধুদ্ধ করবে?
উত্তর: বন্ধু রোকনকে সহযোগিতা করার জন্য আমরা প্রথমে তার আচরণগুলো ভালোভাবে লক্ষ করব। সে কী পছন্দ করে এবং কিসে বিরক্ত হয়, তা জেনে নেব। সে রেগে যায়—এমন কোনো আচরণ করব না। সে কোনো ভুল করলেও তা ক্ষমার দৃষ্টিতে দেখব এবং তাকে বোঝানোর চেষ্টা করব। পাড়ার মুরব্বি, শিশু-কিশোর সবাইকে বলব, তারা যেন এসব বন্ধুর প্রতি বিশেষ যত্নবান হয়। শ্রেণিশিক্ষকদেরও তাদের বিশেষ যত্ন নিতে বলব। আমার খেলার সময় তাদেরও খেলতে ডাকব। সামাজিক আচার-অনুষ্ঠানে তাদের নিয়ে বেড়াতে যাব। এতে তারা মানুষের সঙ্গে মিলেমিশে চলতে উদ্বুদ্ধ হতে পারে। এভাবে অটিজমে আক্রান্ত বন্ধুদের স্বাভাবিক জীবনযাপনে আমরা উদ্বুদ্ধ করতে পারি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা