যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
প্রশ্ন: সাধারণ শিশুর মধ্য থেকে একটি অটিস্টিক শিশুকে শনাক্ত করার লক্ষণ উল্লেখ করো।
উত্তর: অটিস্টিক শিশুর মধ্যে কিছু বিশেষ ধরনের লক্ষণ দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই তাদের নাম ধরে ডাকলে তারা সাড়া দেয় না। তারা হইচই একেবারেই পছন্দ করে না। আদর করলে উল্টো রেগে যায়। একই শব্দ বারবার করতে থাকে। নিজের ভাষায় কথা না বলে অন্যের ভাষায় কথা বলে। অন্যের চোখে চোখে তাকায় না। ডাকলে সাড়া দেয় না। এসব বৈশিষ্ট্য দেখে সাধারণ শিশুর মধ্য থেকে আমি একটি অটিস্টিক শিশুকে শনাক্ত করতে পারি। তবে আরও নিশ্চয়তার জন্য এই বিষয়ের একজন বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে ।
অধ্যায়-১০
প্রশ্ন: পাঁচটি বাক্যে ঐকমত্যের প্রয়োজনীয়তা লেখো।
উত্তর: আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি। এসব কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্নজন বিভিন্নরকম মত দিতে পারে। কিন্তু বিভিন্ন মত অনুযায়ী সিদ্ধান্ত নিলে তা সঠিক নাও হতে পারে। অন্যারাও সিদ্ধান্তটি গ্রহণ করতে আপত্তি করতে পারে, সেজন্য ঐকমত্যের প্রয়োজন।
প্রশ্ন: আমাদের দেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে কীভাবে?
উত্তর: দেশের নাগরিক হিসেবে আমাদের সবারই গণতান্ত্রিক মনোভাবের অধিকারী হতে হবে। পরমতসহিষ্ণু হতে হবে, সহনশীল হতে হবে। এ জন্য আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। অন্যের মতামতের প্রতি সহিষ্ণু হতে হবে। এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা