যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
প্রশ্ন: কীভাবে বাড়িতে গণতান্ত্রিক মনোভাবের চর্চা করবে?
উত্তর: আমি, আমার ভাইবোন, মা-বাবা, দাদা-দাদি সবাই বাড়ির বিভিন্ন কাজে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। কোথাও বেড়াতে ইচ্ছা করলে কার কখন স্কুল ছুটি, মা-বাবা, দাদা-দাদি কখন অবসর পাবেন, তা সবাই বসে একে অপরকে জানাব। কীভাবে বেড়াতে গেলে সময় বাঁচবে ও খরচ কম পড়বে, তা আলোচনা করব। ঘরের কোনো জিনিস কিনতে হলে বড়দের অভিজ্ঞতা খুব কাজে লাগে।
সে ক্ষেত্রে সবাই আলোচনা করে অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেব। আমাদের বাড়ি কীভাবে সাজাব, কোথায় কোন আসবাব রাখলে ঘরে আলো-বাতাস ভালোভাবে ঢুকবে, তা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব।
প্রশ্ন: সংক্ষেপে নারী দিবসের বর্ণনা দাও।
উত্তর: ১৮৫৭ সালের ৮ই মার্চ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক সেলাই কারখানার নারী শ্রমিকেরা ন্যায্য মজুরি ও আট ঘণ্টা শ্রমের দাবিতে আন্দোলন করেন। সে সময় তাঁদের অনেককে পুলিশ নির্যাতন ও গ্রেপ্তার করে। এর পরিপ্রেক্ষিতে জার্মান নারীনেতা কারা জেটকিন ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে ৮ই মার্চকে নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।
পরবর্তী সময়ে জাতিসংঘ ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। নারীর অধিকার নিশ্চিত করাসহ নানা বিষয়ে সমাজে সচেতনতা বাড়ানো নারী দিবসের উদ্দেশ্য।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা