বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নং প্রশ্ন যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১০
প্রশ্ন: শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার উপায় উল্লেখ করো।
উত্তর: শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের বিভিন্ন কাজে আমরা গণতান্ত্রিক আচরণের চর্চা করতে পারি। শ্রেণির বিভিন্ন কাজে যেমন: চেয়ার, টেবিল, বেঞ্চ গোছানো, শ্রেণিকক্ষ সাজানো, পরিষ্কার করা ইত্যাদি সম্পর্কে সহপাঠীর সঙ্গে আলোচনা করে অধিকাংশের মতামত নিয়ে কাজগুলো করতে পারি। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে যেমন: সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ইত্যাদি ব্যাপারেও আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এতে করে পরস্পরের মধ্যে কোনো রকম কলহের সৃষ্টি হবে না। শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, যা আমাদের শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।
প্রশ্ন: গণতন্ত্রের শিক্ষা পাঁচটি বাক্যে উল্লেখ করো।
উত্তর: আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো গণতন্ত্র। গণতন্ত্রে অধিকাংশ ব্যক্তির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সবার মতের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। গণতন্ত্র আমাদের পরমতসহিষ্ণু, সহনশীল ও সবার সঙ্গে মিলেমিশে চলতে শেখায়। ফলে, সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। এ ছাড়া গণতন্ত্র মতামত প্রকাশের স্বাধীনতা ও নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের মনোভাব তৈরি করে।
প্রশ্ন: গণতন্ত্রের সুবিধা কী?
উত্তর: গণতন্ত্রে অধিকাংশ মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সমাজে ও রাষ্ট্রে শান্তি বিরাজ করে।
মানুষকে পরমতসহিষ্ণু ও সহনশীল হতে সাহায্য করে থাকে। গণতান্ত্রিক মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ। সমাজের সব সদস্যের এই গুণ থাকা উচিত।
অধ্যায়-১১
প্রশ্ন: নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে লেখো।
উত্তর: মহীয়সী বেগম রোকেয়া নারী-পুরুষ সমতা ও নারী শিক্ষার বিষয়ে সমাজকে সচেতন করতে অবদান রাখেন। ১৯০৫ সালে নারী শিক্ষার জন্য ভাগলপুরে ‘সাখাওয়াত মেমোরিয়াল গালর্স স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি বাড়ি বাড়ি ঘুরে মা-বাবার কাছে অনুরোধ করতেন সন্তানকে যেন তাঁরা বিদ্যালয়ে পাঠান। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলেই মেয়েরা শিক্ষার আলো পেতে থাকে। এভাবেই বেগম রোকেয়া নারী শিক্ষায় অবদান রাখেন।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান
শিক্ষক, প্রগতি মডেল স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা