যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১২
প্রশ্ন: খাসিদের সমাজব্যবস্থা সম্পর্কে লেখো।
উত্তর: খাসি সমাজ মাতৃতান্ত্রিক। মায়ের সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে। পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। খাসিরা খুব সহজ-সরল জীবনযাপন করে। তারা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। খাসিদের ‘নার’ নামক একটি জনগোষ্ঠী আছে, যাদের অধিকাংশ লোকই পান চাষ করে। মৌমাছি চাষও তাদের জীবিকার অংশ।
প্রশ্ন: গারোদের বাসস্থানের বর্ণনা দাও।
উত্তর: গারোরা অতীতে বিভিন্ন পাহাড়ের পাদদেশে অথবা নদীর ধারে তাদের বাড়িগুলো নির্মাণ করত। এ বাড়িগুলো সাধারণত দুচালাবিশিষ্ট দীর্ঘ আকারের হতো। এ ধরনের বাড়ির নাম ছিল ‘নকমান্দি’। বর্তমানে এ ধরনের বাড়িঘর দেখা যায় না। বর্তমানে তারা সমতল বাংলাদেশের স্বাভাবিক টিনের চাল বা অন্যান্য প্রচলিত বাড়ির মতোই বাড়ি তৈরি করে।
প্রশ্ন: ত্রিপুরাদের উৎসবের বর্ণনা দাও
উত্তর: ত্রিপুরা সমাজে জন্ম, মৃত্যু ও বিয়ে উপলক্ষে নানা আচার-অনুষ্ঠান পালন করা হয়। বাংলা বছরের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিনে ত্রিপুরার ‘বৈসু’ উৎসব পালন করে। তখন গ্রামবাসী গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় আর কিশোরীরা কানে ফুল, গলায় টাকার ছড়া, পুঁতির মালা, হাতে কুচিবালা ইত্যাদি পরে আনন্দ-উৎসবে মেতে ওঠে। ‘বৈসু’ উৎসবের প্রধান ও আকর্ষণীয় অনুষ্ঠান হলো ‘গরয়া-নৃত্য’।
প্রশ্ন: পাঁচটি বাক্যে ত্রিপুরাদের সমাজব্যবস্থার বর্ণনা দাও।
উত্তর: ত্রিপুরারা তাদের সমাজে দলবদ্ধভাবে বাস করে। দলকে তারা ‘দফা’ বলে। এ দেশের ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী। তবে তাদের বংশ গণনা করা হয় মা-বাবা দুই ধারায়ই। যেমন: ছেলেসন্তান বাবার গোষ্ঠী আর মেয়েসন্তান মায়ের গোষ্ঠীর অধিকারী হয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা