যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১২
প্রশ্ন: সব জাতিগোষ্ঠীর মানুষের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?
উত্তর: প্রতিটি জাতিগোষ্ঠীরই নিজস্ব সমাজ, সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান রয়েছে। একে অন্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানানো, একসঙ্গে মিলেমিশে চলাফেরা করা, পরস্পরকে সাহায্য-সহযোগিতা করা, এক কথায় সমাজে সুন্দর ও শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য সব জাতিগোষ্ঠীর মানুষের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিলেমিশে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব হবে।
প্রশ্ন: পাঁচটি বাক্যে ওঁরাওদের সমাজব্যবস্থা বর্ণনা করো।
উত্তর: ওঁরাওদের সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক। গ্রামাঞ্চলে তাদের একজন গ্রামপ্রধান থাকেন, যিনি ‘মাহাতো’ নামে পরিচিত। ওঁরাওদের বাড়িঘর খুবই সাদামাটা হলেও সেখানে বিচিত্র নকশা আঁকা থাকে। ওঁরাও সমাজ কৃষিকর্মের ওপর নির্ভরশীল। এ ছাড়া অনেকে কুলি বা দিনমজুরির কাজ করে।
প্রশ্ন: গারো সমাজব্যবস্থার পাঁচটি দিক উল্লেখ করো।
উত্তর: গারোদের সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক। মা পরিবারের প্রধান এবং মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী। আর বাবা পরিবারের সবকিছু দেখাশোনা করেন। বিয়ের পর তিনি স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকেন এবং তার কর্তব্য পালন করেন। গারোদের সমাজে মাতৃতান্ত্রিক প্রথা চালু থাকলেও দেশের বাঙালি সমাজের মতো তাদের আচরণ এবং অনুশীলন বর্তমানে পরিবর্তন হচ্ছে।
অধ্যায়-১৩
প্রশ্ন: বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক কীভাবে গড়ে উঠেছে?
উত্তর: বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব খুবই প্রয়োজন। মানুষ যেমন অন্যের সহযোগিতা ছাড়া সমাজে বসবাস করতে পারে না, তেমনি বিশ্বের রাষ্ট্রগুলোও একে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। বিশ্বের দেশগুলো বিভিন্ন দিক দিয়ে যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, আবহাওয়া, যোগাযোগ, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে একটি অন্যটির ওপর নির্ভরশীল। এভাবেই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি ও সহযোগিতামূলক সম্পর্ক। আর এ ধরনের সহযোগিতামূলক সম্পর্ক বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বের উন্নয়নে অপরিহার্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা