বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১৩
প্রশ্ন: খাদ্য ও কৃষি সংস্থা কেন গঠিত হয়েছে?
উত্তর: খাদ্য হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। পৃথিবীতে আছে খাদ্যের অভাব। খাদ্যের অভাবেই পৃথিবীতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশ্বকে খাদ্য সমস্যা থেকে মুক্ত করার জন্য ‘খাদ্য ও কৃষি সংস্থা’ বা ‘ফাও’ গঠিত হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্যঘাটতি দেখা দিলে এই সংস্থা খাদ্য সরবরাহ করে থাকে।
প্রশ্ন: বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: বিশ্বের দেশগুলোর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের কোনো বিকল্প নেই। মানুষ যেমন অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না, তেমনি বিশ্বের রাষ্ট্রগুলোও একে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। বিশ্বের দেশগুলো বিভিন্ন দিক দিয়ে একটি অন্যটির ওপর নির্ভরশীল। এ জন্য বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বের উন্নয়নে দেশগুলোর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও সহযোগিতামূলক সম্পর্ক অপরিহার্য। দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বের জনগণকে ক্ষুধা, দারিদ্র্য ইত্যাদি থেকে মুক্ত করার জন্য বিশ্বের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বেরও কোনো বিকল্প নেই।
প্রশ্ন: ইউনেসকো সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
উত্তর: ইউনেসকোর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। জাতিসংঘের এ প্রতিষ্ঠানটি শিশুসহ সকলের উন্নয়নের জন্য কাজ করে থাকে। বাংলাদেশসহ জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এর সদস্য। এটি বিভিন্ন রাষ্ট্রের শিক্ষা, বিজ্ঞান, ও সংস্কৃতির উন্নয়ন, বিকাশ ও সংরক্ষণের জন্য কাজ করে। ইউনেসকোর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা শহিদ দিবস বিশ্ব মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে।
শিক্ষক, প্রগতি মডেল স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা