বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৬ থেকে অল্প কথায় উত্তর দাও প্রশ্নোত্তর দেওয়া হলো।

# অল্প কথায় উত্তর দাও:
প্রশ্ন: বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ার কী কী সমস্যা হয়?
উত্তর: দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, খরা ইত্যাদি ঘটছে। এসব দুর্যোগে আমাদের শিশুরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় মানুষ আশ্রয়, পানি, খাদ্য, চিকিত্সা, কর্মসংস্থানের অভাবসহ বিভিন্ন সংকটে পড়ে। শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না। ফলে তাদের লেখাপড়ায় ক্ষতি হয়।
নদীভাঙনের কারণে লাখ লাখ মানুষ গৃহহীন হয়। সামাজিক জীবন ব্যাহত হয়। এতে শিশুদের শিক্ষাজীবনেও ক্ষতি হয়।
খরা উত্তরাঞ্চলের জন্য একটি মারাত্মক দুর্যোগ। অত্যধিক গরমে শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না বা ঠিকমতো পড়ালেখা করতে পারে না। অনেকে জ্বর, ডায়রিয়া, হাম, ইনফ্লুয়েঞ্জা, আমাশয়সহ নানা অসুখে ভোগে।

প্রশ্ন: ভূমিকম্প মোকাবিলায় কোন কোন বিষয় মনে রাখতে হবে?
উত্তর: সাম্প্রতিক কালে বাংলাদেশে প্রায়ই মৃদু ও মাঝারি ধরনের ভূমিকম্প হচ্ছে। বিজ্ঞানীদের মতে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস। ভূমিকম্পের সময় আমাদের করণীয়:
১. পুরোপুরি শান্ত থাকতে হবে।
২. আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না।
৩. বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে দিতে হবে।
৪. কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিতে হবে।
৫. পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে।
৬. প্রথম ভূকম্পন থেমে যাওয়ার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিতে হবে।
৭. প্রাথমিক চিকিত্সাব্যবস্থা বাড়িতেই রাখতে হবে।
৮. বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে।
৯. বন্ধু, সহপাঠী, সমবয়সী, শিক্ষক ও অভিভাবক সবার সঙ্গে ভূমিকম্পের ঝুঁকি ও করণীয় বিষয়গুলো আলোচনা করতে হবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা