বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
প্রশ্ন: কোন শিশুদের অটিস্টিক শিশু বলে?
উত্তর: আমাদের চারপাশে নানা রকম মানুষ আছে। তাদের প্রত্যেকের প্রতিভায় ভিন্নতা আছে, আচরণেও ভিন্নতা আছে। তবে কারও কারও আচরণ একটু বেশি অন্য রকম। এদের মধ্যে অনেকে আছে যারা অন্যের স্পর্শ সহ্য করতে পারে না, ভালোবাসা বোঝে না, কোনো কিছু প্রয়োজন হলে মুখে না বলে হাত ধরে সেই জিনিসের কাছে টানে। ওরা সব সময় চুপচাপ থাকে, অন্যদের মতো হইচই না করে একা একা থাকতে চায়। আমাদের এই বন্ধুরা অনেক সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারে না কারণ ওরা অনেক শব্দ মনে রাখতে পারে না। ওরা একই কাজ একটানা করতে থাকে। যেমন বারবার সুইচ অন-অফ করা বা মাথা ঘোরানো, চোখের সামনে হাতের আঙুল নাড়ানো, শরীর দোলানো ইত্যাদি। তাদের এই আচরণ ‘অটিজম’ নামের একটি বিকাশগত সমস্যার ফলে হয়। এই সমস্যা আক্রান্ত শিশুদের ‘অটিস্টিক শিশু’ বলে।
প্রশ্ন: অটিস্টিক বন্ধুদের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো?
উত্তর: ‘অটিজম’ একটি বিকাশগত সমস্যা। এ সমস্যায় আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে। এটি কোনো রোগ নয় যে চিকিত্সা করলেই সেরে যাবে। তাদের সমস্যার ধরনগুলো জেনে সঠিক শিক্ষার মাধ্যমেই তাদের স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব।
অটিস্টিক শিশুদের পাঁচটি বৈশিষ্ট্য হলো:
১. তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং ওগুলো শক্ত করে ধরে বসে থাকবে, গন্ধ নেবে বা ঘণ্টার পর ঘণ্টা তার দিকে তাকিয়ে থাকবে।
২. অনেক অটিস্টিক শিশু আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। যেমন সংবেদনশীল ত্বকের কারণে সে কোনো কোনো কাপড় পরতে চায় না।
৩. সব কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়। দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়।
৪. কোনো কোনো অটিস্টিক শিশু চমত্কার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক কষা, গান করা।
৫. কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে।
প্রশ্ন: তোমার শ্রেণির অটিস্টিক বন্ধুদের তুমি কীভাবে সহযোগিতা করতে পারো?
উত্তর: আমাদের বিদ্যালয় বা শ্রেণিতে হয়তো অটিস্টিক বন্ধু থাকতে পারে। তাদের আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি। যেমন—
১. আমরা আমাদের এই বন্ধুদের সঙ্গে এমন কোনো আচরণ করব না, যাতে তারা কষ্ট পায় বা উত্তেজিত হয়।
২. আমরা জেনে নেব আমাদের এই বন্ধু কী পছন্দ করে আর কোনটি করলে তার কষ্ট হয়। সবাই মিলে তাদের সাহায্য করব।
৩. খেয়াল রাখব তারা যেন বিরক্ত না হয়।
৪. আমরা আমাদের শ্রেণিশিক্ষককেও সহায়তা করব, যেন তিনি তাদের প্রতি বিশেষ যত্ন নিতে পারেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা