বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৯ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

একটি রাজনৈতিক দল নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করছে। কয়েক দিন আগে ওই রাজনৈতিক দল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার একটি পূর্ণ পাতায় তাদের সাফল্যের কথা প্রচার করে।
ক. গণতন্ত্র কত প্রকার?
খ. ‘গণতন্ত্র ও নির্বাচন মুদ্রার এপিঠ-ওপিঠ’ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে রাজনৈতিক দলের কোন ধরনের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা দাও।
ঘ. উল্লিখিত কাজই কি রাজনৈতিক দলের একমাত্র কাজ? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর-ক.
গণতন্ত্র দুই প্রকার।
উত্তর-খ.
গণতন্ত্র হলো জনগণের শাসন, একধরনের সরকারব্যবস্থা। আর নির্বাচন হলো বাছাই-প্রক্রিয়া, যেখানে নাগরিকেরা ভোট প্রদানের মাধ্যমে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেন।
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষার মূল্য থাকে। অর্থাত্ জনগণ তাদের ইচ্ছা প্রকাশের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুযোগ পেয়ে থাকে। আর বর্তমানে বৃহত্ রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্র ও জনগণের কর্মপরিধি ব্যাপক হয়েছে। ফলে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করে তাঁদের দ্বারাই রাষ্ট্র পরিচালিত হয়। তাই নির্বাচন এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। অতএব, ‘নির্বাচন ছাড়া যেমন গণতন্ত্র সম্ভব নয়, তেমনি গণতন্ত্র আছে কিন্তু নির্বাচন নেই’ এটিও সম্ভব নয়। তাই নির্বাচন ও গণতন্ত্র মুদ্রার এপিঠ-ওপিঠ।
উত্তর-গ.
উদ্দীপকের ঘটনায় রাজনৈতিক দলের প্রচারণার মাধ্যমে জনমত সৃষ্টির কাজটিকে বোঝানো হয়েছে।
রাজনৈতিক দল বলতে সংগঠিত জনসমষ্টিকে বোঝায়, যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধভাবে ক্ষমতা লাভ করতে পারবে। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো বৃহত্ জনগোষ্ঠীর সমস্যা নির্বাচন। অতঃপর সমস্যা সমাধানের জন্য কর্মসূচি প্রণয়ন।
এবার কর্মসূচিগুলো জনগণের সামনে উপস্থাপন করতে হয়। যাতে জনগণ ওই কর্মসূচির আলোকে তাদের নির্বাচিত করতে পারে। ফলে দলীয় নীতি, আদর্শ, সাফল্য প্রভৃতি প্রচারণার মাধ্যমে জনসমর্থন সৃষ্টি করা রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ।
উদ্দীপকে দেখা যায়, একটি রাজনৈতিক দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকায় নিজেদের সাফল্যের কথা প্রকাশ করে প্রচার করছে। রাজনৈতিক দল হিসেবে প্রচারণামূলক এসব কাজ অত্যন্ত জরুরি। এসব কাজের মাধ্যমে ওই দলটি জনগণকে নিজেদের পক্ষে সমর্থনের জন্য প্রচারণা চালাচ্ছে।
তাই এটি রাজনৈতিক দলের জনমত সৃষ্টির জন্য প্রচারণামূলক কাজ।
উত্তর-ঘ.
উদ্দীপকে জনমত সৃষ্টির জন্য প্রচারণামূলক কাজই রাজনৈতিক দলের একমাত্র কাজ নয়। এগুলো ছাড়াও রাজনৈতিক দলের আরও কাজ রয়েছে।
দলীয় প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ের কাজটি রাজনৈতিক দল করে থাকে। এটি রাজনৈতিক দলের অন্যতম কাজ। আবার নির্বাচনে জয়লাভের জন্য দলকে প্রচারণামূলক কাজও করতে হয়। অন্যদিকে নির্বাচিত হলে সরকার গঠন করাও রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ।
যদি কোনো কারণে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে সরকার গঠন করতে ব্যর্থ হয়, তবে দলের ভূমিকা বা কাজ শেষ হয়ে যায় না। তাদের তখন বিরোধী দল হিসেবে কাজ করতে হয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের কাজের সমালোচনার পাশাপাশি তাদের বিকল্প কর্মসূচি প্রদান করতে হয়।
রাজনৈতিক দল সরকার ও জনগণের মধ্যে সেতু হিসেবে কাজ করে থাকে। অন্যদিকে রাজনৈতিক দল পরাধীন দেশের স্বাধীনতার জন্য এবং স্বাধীন দেশে আঞ্চলিক স্বাধিকারের জন্য কাজ করে থাকে। তাই উদ্দীপকের জনমত সৃষ্টির কাজটি ছাড়াও রাজনৈতিক দলের অনেক কাজ রয়েছে। মূলত গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের রয়েছে বহুমুখী ভূমিকা গুরুত্বপূর্ণ।
শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা