
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৪ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
আমাদের চা পানের অভ্যাস সম্পর্কে যে কথাটি প্রচলিত তা হলো, ইংরেজরা একসময় বিনা পয়সায় চা পান করাত। মানুষের মধ্যে যখন চা পানের আকর্ষণ বেড়ে গেল, তখন বিনা পয়সায় পান করা বন্ধ করে দিল এবং চা বিক্রি শুরু হলো। আবার আজকাল বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রান্নার অনুষ্ঠান দেখে দেখে আমরা আমাদের রান্না ও খাদ্যাভ্যাসেও পরিবর্তন করছি।
প্রশ্ন:
ক. চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
খ. নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝো?
গ. ‘চা পানের অভ্যাসের’ মাধ্যমে সমাজ পরিবর্তনের কোন উপাদানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. চা পানের অভ্যাস আর বর্তমানে খাদ্যাভ্যাস পরিবর্তন কি একই সামাজিক পরিবর্তনের উপাদানকে নির্দেশ করে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর-ক
চতুর্থ বিশ্ব নারী সম্মেলন ১৯৯৫ সালে অনুষ্ঠিত হয়েছিল।
উত্তর-খ
নারীর ক্ষমতায়ন বলতে মূলত নারীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বোঝায়।
শিক্ষা ও শিল্পের প্রসারের কারণে নারীরা আজকাল নানাবিধ কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। ফলে পারিবারিক পর্যায়ে তাদের অবস্থান সুদৃঢ় হয়েছে। নারীরা আজকাল শিক্ষা গ্রহণ করে কুসংস্কারমুক্ত হয়ে সমাজে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছে। নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সিদ্ধান্ত যেমন প্রতিষ্ঠা করছে, তেমনি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়েও তাদের মতামত প্রতিষ্ঠা করতে পারছে, যা মূলত নারীর ক্ষমতায়নকেই নির্দেশ করে।
উত্তর-গ
উদ্দীপকের ‘চা পানের অভ্যাসের’ মাধ্যমে সামাজিক পরিবর্তনের যে উপাদানকে নির্দেশ করে তা হলো সাংস্কৃতিক উপাদান।
সামাজিক পরিবর্তন বলতে কোনো জাতির জীবনব্যবস্থার সামগ্রিক পরিবর্তনকে বোঝায়। সংস্কৃতি সামাজিক পরিবর্তনের সূচনা করে। যেকোনো সমাজের দিকে তাকালেই দেখা যায় বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি মানুষের মূল্যবোধের পার্থক্য করে দেয়। এর ফলে সৃষ্টি হয় বিভিন্ন সংস্কৃতি লালিত প্রতিষ্ঠান, যা সমাজে নানা ধরনের পরিবর্তন সূচনা করে।
ঔপনিবেশিক ব্যবস্থায় একটি গোষ্ঠীর জীবনধারা অন্য গোষ্ঠীকে ব্যাপকভাবে প্রভাবিত করে। যেমন ইংরেজরা বাণিজ্য করতে এসে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যায়। বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন রাজনীতিরও প্রচলন করে, যা মূলত সাংস্কৃতিক উপাদানকে নির্দেশ করে। সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে সংস্কৃতির অন্যান্য দিক হলো, ভ্রমণকাহিনি পাঠ, বিদেশ ভ্রমণসহ বিভিন্ন দেশের লোকদের সাক্ষাত্কার গ্রহণ ইত্যাদি। উদ্দীপকের চা পানের অভ্যাস আসলে ঔপনিবেশিক শক্তির বাণিজ্যিক কৌশলের অংশ। তাই এটি সাংস্কৃতিক উপাদানকে নির্দেশ করে।
উত্তর-ঘ
চা পানের অভ্যাস আর বর্তমান সময়ের খাদ্যাভ্যাস পরিবর্তন একই সামাজিক পরিবর্তনের উপাদানকে নির্দেশ করে না; অর্থাত্ সাংস্কৃতিক উপাদানকে নির্দেশ করে না। বর্তমান সময়ের খাদ্যাভ্যাস পরিবর্তন সামাজিক পরিবর্তনের যোগাযোগ উপাদানকে নির্দেশ করে।
যোগাযোগব্যবস্থা সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান। যে দেশের যোগাযোগব্যবস্থা যত উন্নত, সে দেশের অর্থনৈতিক অবস্থাও তত উন্নত। আর অর্থনৈতিক উন্নতির সঙ্গে বিভিন্ন সামাজিক রীতিনীতিরও পরিবর্তন লক্ষ করা যায়। আজকাল বিভিন্ন যোগাযোগব্যবস্থার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন দৃশ্যমান। গ্রামীণ সমাজব্যবস্থার যে পরিবর্তনের গতি দেখা যায়, তা অনেকাংশে যোগাযোগব্যবস্থার কারণেই লাভ করেছে। যোগাযোগের মাধ্যম হিসেবে টেলিভিশন, মোবাইল ফোন, টেলিফোন, ইন্টারনেট, ই-মেইল, ডিশ অ্যান্টেনাসহ বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিন অন্যতম। এগুলো বিভিন্নভাবে ব্যক্তি বা গোষ্ঠীর আচরণগত পরিবর্তনে প্রভাব রাখে। আজকাল দেশে বসে বিদেশি বই পড়া কিংবা বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও লাভ করা সহজ হয়েছে এই যোগাযোগব্যবস্থার কারণে।
তাই টেলিভিশনে বিভিন্ন রান্নাবিষয়ক অনুষ্ঠান, বিভিন্ন জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাস প্রচারের কারণে অন্যরা দেখার, জানার ও বোঝার সুযোগ পাচ্ছে। ফলে সাধারণ মানুষ যদি এগুলো গ্রহণ করার মতো মনে করে, তখন এসব গ্রহণ করে এবং এর ফলে ধীরে ধীরে সমাজে পরিবর্তন সংঘটিত হয়।
সুতরাং বর্তমান সময়ের খাদ্যাভ্যাস পরিবর্তন সামাজিক পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান নয়; বরং সামাজিক পরিবর্তনের যোগাযোগ উপাদানের প্রভাবে সংগঠিত হয়ে থাকে।
শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা