
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৫ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
আফসানা খান নিম্ন আদালতের একজন বিচারক। আজ বখাটে যুবক কর্তৃক একজন নারীকে অ্যাসিড নিক্ষেপ করে বাঁ হাত ঝলসে দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করে রায় প্রদান করবেন। অফিসে যাওয়ার পথে প্রথম আলো পত্রিকায় চোখ রাখতেই একটি সংবাদে তিনি হতাশ হয়ে যান। সংবাদটি ছিল: ‘সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা তাদেরই এক সহপাঠীকে হত্যা করে।’
ক. নৈতিক অবনতি চরম আকার ধারণ করলে কী হয়?
খ. মূল্যবোধের অবক্ষয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
গ. আফসানা খান আদালতে কোন রায়টি প্রদান করবেন? ব্যাখ্যা করো।
ঘ. ‘আফসানা খানকে হতাশামুক্ত করতে অপসংস্কৃতি রোধে বিকল্প নেই।’ তুমি কি একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর-ক
নৈতিক অবনতি চরম আকার ধারণ করলে সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন হয়।
উত্তর-খ
মূল্যবোধের অবক্ষয়ের একটি কারণ হলো সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অভাব।
সমাজ নানা ধরনের রীতিনীতি ও নিয়মকানুন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। এসব রীতিনীতি ও ন্যায়বিচার না থাকলে মানুষ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে। ফলে সমাজে বিশৃঙ্খলা ও নৈরাজ্য দেখা দেয়। তাই সমাজে ন্যায়বিচারের অভাব থাকলে অপরাধ প্রবণতা বেড়ে যায়।
উত্তর-গ
আফসানা খান বখাটে যুবককে সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার ঘোষণা দিয়ে রায় প্রদান করবেন।
অ্যাসিড দ্বারা আহত ও নিহত হওয়ার জন্য পৃথক আইন রয়েছে। অ্যাসিড নিক্ষেপের মতো জঘন্য অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রেখে নিচে উল্লিখিত আইনগুলো করা হয়েছে।
অ্যাসিডের কারণে দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তি নষ্ট হলে, মুখমণ্ডল বিকৃত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান।
শরীরের কোনো অঙ্গ, গ্রন্থি নষ্ট হলে, ৭-১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান।
এসব বিধান অ্যাসিড নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১০-এ উল্লেখ আছে।
উদ্দীপকের বখাটে যুবক কোনো এক নারীকে অ্যাসিড নিক্ষেপ করে আহত করেছেন। এ ক্ষেত্রে আহত হওয়ার ধরন অনুযায়ী বিচারককে শাস্তির মাত্রা ঠিক করে রায় দিতে হবে। যেহেতু অ্যাসিডে আক্রান্ত নারীর বাঁ হাত ঝলসে গেছে, অর্থাত্ তার কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সর্বোচ্চ শাস্তি হিসেবে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের ঘোষণা দিয়ে রায় প্রদান করাই যৌক্তিক।
উত্তর-ঘ
বিচারক আফসানা খান প্রথম আলোতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী কর্তৃক সহপাঠী হত্যার ঘটনা, অর্থাত্ কিশোর অপরাধের ঘটনা দেখে হতাশ হয়ে যান। ‘এ ক্ষেত্রে অপসংস্কৃতি রোধ করেই কিশোর অপরাধ মোকাবিলা করা যাবে।’ এ উক্তির সঙ্গে আমি একমত নই।
কিশোর অপরাধ প্রতিটি সমাজের জন্যই উদ্বেগজনক সামাজিক সমস্যা। সামাজিক পরিবেশ, মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে খারাপ সঙ্গ, আকাশ সংস্কৃতির প্রভাব, দারিদ্র্য, শিশুশ্রমসহ বিভিন্ন কারণে কিশোর অপরাধ সংঘটিত হয়ে থাকে। কিশোর কর্তৃক বিভিন্ন সমাজ ও রাষ্ট্র অনুমোদনহীন কর্মকাণ্ড কিশোর অপরাধ।
উদ্দীপকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী কর্তৃক তাদের বন্ধুকে হত্যার ঘটনা কিশোর অপরাধকে নির্দেশ করে। বিচারক আফসানা খান কিশোর অপরাধের এ ঘটনা দেখেই হতাশ হয়ে যান। তাঁকে হতাশামুক্ত করার অর্থ হচ্ছে কিশোর অপরাধমুক্ত করা। কিশোর অপরাধ মোকাবিলায় অপসংস্কৃতি রোধ একটি উপায় মাত্র। কিশোর অপরাধ মোকাবিলায় গঠনমূলক পারিবারিক পরিবেশ সৃষ্টি, পরিবার ও বিদ্যালয়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা, চিত্তবিনোদনমূলক কার্যক্রম প্রভৃতি উল্লেখযোগ্য। আবার যেসব শিশু ও কিশোর ইতিমধ্যেই অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েছে, তাদের চরিত্র সংশোধনের জন্য কিশোর আদালত, কিশোর হাজত, সংশোধনী প্রতিষ্ঠান প্রভৃতির মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনা যেতে পারে।
তাই কিশোর অপরাধ মোকাবিলায় শুধু অপসংস্কৃতি রোধই একমাত্র উপায় নয়। বিচারক আফসানা খানকে হতাশামুক্ত করতে আরও ব্যবস্থা রয়েছে। যেকোনো একটি সামাজিক সমস্যা মোকাবিলায় বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই সমস্যাটি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সুতরাং কিশোর অপরাধ মোকাবিলায় অন্য উপায়গুলোও যথেষ্ট ভূমিকা রাখে।
শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা