সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের একটি নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
কৃষ্ণনগর গ্রামটি শিক্ষা-দীক্ষায় অনেক পিছিয়ে। ফলে গ্রামবাসী শিক্ষা-সংস্কৃতিসহ সব দিক থেকে পশ্চাত্পদ। এই গ্রামেরই এক শিক্ষিত, বিত্তবান ও প্রভাবশালী যুবক রাশেদ। সে গ্রামটিকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার জন্য গ্রামে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে। তার প্রচেষ্টায় ধীরে ধীরে এলাকাবাসীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এলাকাবাসী সমাজসচেতন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করে। রাশেদের অবিরত প্রচেষ্টায় গ্রামবাসী নারীশিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে।
ক. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়?
খ. ভাস্কো-দা-গামা ইতিহাসে বিখ্যাত কেন?
গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির আলোকে ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব হয়েছিল? এ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো।
ঘ. ‘রাশেদের মতো উন্নয়নকর্মী ও সংস্কারবাদী ব্যক্তিবর্গের কর্মতত্পরতার ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম হয়েছে।’ উক্তিটির বিশ্লেষণ করো।
উত্তর: ক. ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
উত্তর: খ. পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। এর ফলে ভারতবর্ষের সঙ্গে ইউরোপের সহজ যোগাযোগ স্থাপিত হয়। ভারতবর্ষ বিশ্ব-বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। ভাস্কো-দা-গামা এ কারণে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।
উত্তর: গ. উদ্দীপকে রাশেদ তার গ্রামে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামবাসীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে। নারীশিক্ষা, মৌলিক অধিকার, মানবাধিকার—এসব মৌলিক বিষয়ে গ্রামবাসীকে সচেতন করেছে। ঠিক তেমনি ঊনবিংশ শতাব্দীতে বাংলায় রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজদের সহযোগিতায় সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত স্কুল ও কলেজের মাধ্যমে মানুষের মধ্যে নতুন চিন্তাচেতনার উন্মেষ ঘটে। হিন্দুসমাজ থেকেই সতীদাহের মতো প্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হলো। বিধবা বিবাহের পক্ষে জনমত তৈরি হলো।
উত্তর: ঘ. ‘রাশেদের মতো উন্নয়নকর্মী ও সংস্কারবাদী ব্যক্তিবর্গের কর্মতত্পরতার ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম হয়েছে।’ উদ্দীপকের এই উক্তিটির বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, রাশেদ গ্রামবাসীকে নারীশিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে সচেতন করে। তত্কালীন সময়ে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ সংস্কারপন্থী ব্যক্তির অগ্রণী ভূমিকায় সারা ভারতবাসী জেগে ওঠে। ইংরেজদের জুলুম-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। মুদ্রণযন্ত্র স্থাপন ও সংবাদপত্র প্রকাশের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা হয়।
ফলে তারা সমাজের অনাচার নিয়ে যেমন সমালোচনা করেছে, তেমনি অবিচারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে। ডিরোজিও, বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্ত মনে জ্ঞানচর্চার ধারা তৈরি করেন। বাঙালির এই নবজাগরণ কলকাতা মহানগরীতে ঘটলেও এর পরোক্ষ প্রভাব সারা বাংলাতেই পড়েছে। ঊনবিংশ শতাব্দীর এই নবজাগরণের ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধের উন্মেষ ঘটতে থাকে। সামগ্রিকভাবে বাংলায় দেশপ্রেম ও রাজনৈতিক চেতনার জোয়ার আসে। এরই ধারাবাহিকতায় দেখা দেয় বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন। এ সময় অনেক তরুণ সশস্ত্র সংগ্রামের দিকে ঝুঁকে পড়ে। মুসলমানদের দাবিদাওয়া আদায়ের জন্য ১৯০৬ সালে স্বতন্ত্র মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ, স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলনের ফলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর