সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
প্রশ্ন: মুক্তিযুদ্ধ বলতে কী বোঝো? মুক্তিযুদ্ধের তাত্পর্য লেখো।
উত্তর: দেশ ও দেশের মানুষকে ভিনদেশি শোষণ, শাসন, বঞ্চনা ও বৈষম্যের হাত থেকে মুক্ত করার জন্য যে যুদ্ধ সংঘটিত হয়, তাকে মুক্তিযুদ্ধ বলে। পশ্চিম পাকিস্তানের শোষণ, বঞ্চনা ও বৈষম্যের হাত থেকে মুক্ত হওয়ার জন্য ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল।
মুক্তিযুদ্ধের তাত্পর্য: ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই তাত্পর্যপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি—
১. একটি স্বাধীন রাষ্ট্র, পৃথিবীর মানচিত্রে একটি স্বতন্ত্র দেশ।
২. আমাদের আছে একটি নিজস্ব পতাকা।
৩. আমরা পেয়েছি নিজস্ব একটি মানচিত্র।
৪. মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক।
৫. আমরা পেয়েছি ধর্ম-বর্ণনির্বিশেষে একটি স্বাধীন দেশ।
প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিবাহিনী কীভাবে সংগঠিত হয়েছিল বর্ণনা করো।
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই সামরিক ও বেসামরিক জনগণের মিলিত অংশগ্রহণের মাধ্যমে মুক্তিবাহিনী গড়ে উঠেছিল। এ বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী। মুক্তিবাহিনী গঠিত হওয়ার ঘটনাসমূহ হলো: ১. সামরিক ও বেসামরিক জনগণের মিলিত অংশগ্রহণের মাধ্যমে মুক্তিবাহিনী গড়ে উঠেছিল।
২. বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত হয়েছিল মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী। এদের বলা হতো মুক্তিফৌজ।
৩. মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে ভাগ করা হয়েছিল তিনটি ব্রিগেড ফোর্সে। যথা: কে ফোর্স, এস ফোর্স ও জেড ফোর্স।
৪. মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য এ সময় সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
৫. ৩০,০০০ নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত মুক্তিফৌজ ও ১,০০,০০০ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনী।
দেশের অভ্যন্তরে এবং ভারতের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধকে সফল করেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা