
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
প্রশ্ন: আমরা এখন কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদ্যাপন করি?
উত্তর: ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। আমরা প্রতিবছর যথাযোগ্য মর্যাদার সঙ্গে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করি। যেমন:
১. প্রতিবছর ২৬ মার্চের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয়।
২. রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সব মানুষ জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
৩. বিভিন্ন অনুষ্ঠানে শহিদদের উদ্দেশে বক্তৃতা প্রদান করা হয়।
৪. সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫. অফিস-আদালত ও বড় বড় রাস্তা জাতীয় পতাকা ও ফুল দিয়ে সজ্জিত করা হয়।
৬. মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদানের মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়।
প্রশ্ন: বুদ্ধিজীবী কারা? ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন?
উত্তর: জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের বুদ্ধিজীবী বলা হয়। পাকিস্তানি বাহিনী ও তাদের এ-দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস নামে বিভিন্ন কমিটির লোকেরা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে হানাদারদের দিয়েছিল। এ ছাড়া তারা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করেছিল।
মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি বাহিনী এ দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক এবং কবি-সাহিত্যিককে ধরে নিয়ে হত্যা করে। তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল?
উত্তর: মুক্তিযুদ্ধের শুরু থেকেই আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের অনেক সাহায্য ও সহযোগিতা করেছিল। নিচে তার বর্ণনা দেওয়া হলো:
১. বাঙালি শরণার্থীদের ভারত সরকার খাদ্য, বস্ত্র, শরণার্থীশিবিরে থাকার ব্যবস্থা ও চিকিত্সাসেবা দিয়েছে।
২. মিত্রবাহিনী নামে একটি যুদ্ধ সহায়তাকারী বাহিনী গঠন করে অপারেশন জ্যাকপটে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে।
৩. মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিত্ সিং অরোরার নেতৃত্বে ১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী।
৪. যৌথ বাহিনীর তীব্র আক্রমণের ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয়।
৫. পাকিস্তান ৩ ডিসেম্বর ভারত আক্রমণ করলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে আক্রমণ করে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে পাকিস্তানি বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি যৌথ বাহিনীর প্রধান লে. জেনারেল জগজিত্ সিং অরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে দলিলে স্বাক্ষর করেন।
শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা