সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-২ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
প্রশ্ন: সিপাহি বিদ্রোহের পাঁচটি কারণ লেখো।
উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত। প্রায় ১০০ বছর পরে ১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়।
সিপাহি বিদ্রোহের কারণ:
১. সেনাবাহিনীতে সিপাহি পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে ৫০ হাজার ব্রিটিশ ও ৩ লাখ ভারতীয় সিপাহি ছিল।
২. ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।
৩. ১৮৫৬ সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
৪. কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল।
৫. সিপাহি আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশরা কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহে প্রায় এক লাখ ভারতীয় মারা যায়।
প্রশ্ন: ব্রিটিশ শাসনের দুটি ভালো ও দুটি খারাপ দিক উল্লেখ করো।
উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে।
ব্রিটিশ শাসনের দুটি খারাপ দিক:
১. ‘ভাগ করো শাসন করো’ নীতির ফলে এ দেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়।
২. অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যান এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়, যা ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।
ব্রিটিশ শাসনের দুটি ভালো দিক:
১. নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষাব্যবস্থার উন্নতি হয়।
২. সড়ক ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগব্যবস্থার বিশেষ উন্নতি হয়।
প্রশ্ন: বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন?
উত্তর: ব্রিটিশ শাসনকালে শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। বাংলায় নবজাগরণে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
১. রাজা রামমোহন রায় ২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩. নবাব আবদুল লতিফ ৪. সৈয়দ আমীর আলী
৫. মাইকেল মধুসূদন দত্ত।
তাঁদের হাত ধরেই উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। তাঁরা নিজেদের সমাজে বহুকাল ধরে প্রচলিত নানা কুসংস্কার, কুপ্রথা সম্পর্কে সচেতন হয়ে ওঠেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা