* অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
# সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: পাহাড়পুর বৌদ্ধবিহারে কয়টি গোপন কুঠুরি আছে?
উত্তর: ১৭৭টি গোপন কুঠুরি আছে।
প্রশ্ন: কোথায় জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা পাওয়া যায়?
উত্তর: পাহাড়পুর বৌদ্ধবিহারে।
প্রশ্ন: পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতর কিসের নিদর্শন আছে?
উত্তর: এখানে মন্দির, রান্নাঘর, খাবার ঘর ও পাকা নর্দমা আছে।
প্রশ্ন: ময়নামতি কোথায় অবস্থিত?
উত্তর: ময়নামতি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের কুমিল্লা শহরের কাছে অবস্থিত।
প্রশ্ন: ময়নামতি কে ছিলেন?
উত্তর: ময়নামতি ছিলেন রাজা মানিক চন্দ্রের স্ত্রী।
প্রশ্ন: ইতিহাসের কোন সময়ে ময়নামতি এলাকার প্রাচীন স্থাপনাগুলো নির্মিত হয়?
উত্তর: অষ্টম শতকে।
প্রশ্ন: ময়নামতি কোন সভ্যতার কেন্দ্র ছিল?
উত্তর: বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল।
প্রশ্ন: ময়নামতিতে বৌদ্ধ ধর্ম ছাড়া আর কোন কোন ধর্মের নিদর্শন পাওয়া যায়?
উত্তর: হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন পাওয়া গেছে।
প্রশ্ন: ময়নামতিতে শিক্ষাসংক্রান্ত কী নিদর্শন পাওয়া গেছে?
উত্তর: ময়নামতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসনসুবিধাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে।
প্রশ্ন: ময়নামতিতে পাওয়া পোড়ামটির ফলকগুলোতে কিসের নিদর্শন ছিল?
উত্তর: বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, আগুয়ান হাতি ইত্যাদি।
# বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও।
প্রশ্ন: ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ লেখো।
উত্তর: ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ:
১. ঐতিহাসিক নিদর্শনগুলো যেকোনো জাতির অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে।
২. ঐতিহাসিক নিদর্শনগুলো শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার ঘটাতে সাহায্য করে।
৩. দেশি ও বিদেশি পর্যটকেরা এসব স্থান ভ্রমণ করতে আসেন। ফলে বিশ্বের মানুষের কাছে নিজের ঐতিহ্যকে তুলে ধরতে সাহায্য করে।
৪. পর্যটনশিল্পের বিকাশ ঘটে এবং এ শিল্প বৈদেশিক মুদ্রা অর্জন করে।
৫. শিক্ষার্থী ও গবেষকেরা এসব ঐতিহ্য থেকে জ্ঞান আহরণ করেন এবং গবেষকেরা তাঁদের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যান।
শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা