বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

# বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও।

প্রশ্ন: দুটি প্রাচীন নিদর্শনের নাম লেখো।
উত্তর: বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি।
নিচে দুটি প্রাচীন নিদর্শনের নাম দেওয়া হলো—
১. মহাস্থানগড় ২. উয়ারী-বটেশ্বর।

প্রশ্ন: ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন?
উত্তর: বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। দীর্ঘদিন থেকে এ দেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে আসছে। দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার নিদর্শন। এসব নিদর্শন আমাদের সংরক্ষণ করা উচিত।
এসব নিদর্শন আমাদের অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে সাহায্য করে এবং এগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে। আমরা গৌরববোধ করি এসব নিদর্শন দেখে। পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যেক আরও উন্নতির পথে পরিচালিত করতে পারি। বিশ্বের অন্যান্য দেশের কাছে আমাদের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে।
তাই আমাদের উচিত এসব ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা।

প্রশ্ন: ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়েছে?
উত্তর: ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি। ঐতিহাসিক নিদর্শনগুলো জাদুঘরে সংরক্ষণ করা হয়।
মহাস্থানগড়: মহাস্থানগড়ের অনেক নিদর্শন যেমন পোড়ামাটির ফলক ও ভাস্কর্য, স্বর্ণ ও রৌপ্যমুদ্রা, পাথর ও কাচের পুঁতি, ব্রাহ্মী শিলালিপি, খোদাই পাথর ইত্যাদি মহাস্থানগড়ের জাদুঘরে রাখা হয়েছে। এ ছাড়া কিছু কিছু নিদর্শন রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে এবং ঢাকার জাতীয় জাদুঘরে রাখা হয়েছে।
পাহাড়পুর: পাহাড়পুরে পাওয়া জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা ভ্রমণকারীদের জন্য এখানকার একটি জাদুঘরে রাখা হয়েছে। এ ছাড়া এখানে একটি বিশ্রামাগার রয়েছে।
ময়নামতি: ময়নামতিতে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এই জাদুঘরে অনেক নিদর্শন রাখা হয়েছে। যেমন বিভিন্ন মুদ্রা, পাথরের ভাস্কর্য, পোড়ামাটির লিপি, ফলক ইত্যাদি।
সোনারগাঁ: সোনারগাঁয়ের গৌরব ধরে রাখতে শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটনকেন্দ্র।
লালবাগ কেল্লা: ঢাকার দক্ষিণ-পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগের কেল্লাতেও নানা নিদর্শনে সমৃদ্ধ একটি জাদুঘর রয়েছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা